জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণকে সফল করতে জাতীয় পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)। আসন্ন আসরকে সামনে রেখে দেশের সম্ভাবনাময় প্যারা ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।
এনপিসি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন ডিসিপ্লিনের প্যারা ক্রীড়াবিদরা অংশ নেবেন। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা, মানসিক প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। অভিজ্ঞ কোচ ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্রীড়াবিদদের নিবিড় অনুশীলনের সুযোগ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল প্রস্তুতি আন্তর্জাতিক আসরে ভালো ফল অর্জনের অন্যতম পূর্বশর্ত। সেই লক্ষ্য থেকেই এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে সময়ের আগেই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হয়েছে। এর মাধ্যমে ক্রীড়াবিদদের সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।
আগামী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনার লক্ষ্য নিয়েই এগোচ্ছে এনপিসি বাংলাদেশ।


