ফিফা ফরোয়ার্ড বিতর্কের পর ঐক্যের বার্তা, রাবাতের বৈঠকে ইনফান্তিনোকে পূর্ণ সমর্থন

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর সংস্থার শীর্ষ নেতৃত্বের মধ্যে ঐক্য ও আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মরক্কোর রাজধানী রাবাতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং ফিফা ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা।

বৈঠক শেষে ফিফা জানায়, সংস্থার ২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে মহাসচিব ও ফিফা প্রশাসনের কাজের প্রশংসা করে তাদের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা জানান ফিফা সভাপতি ইনফান্তিনো ।

বৈঠকে ফিফার অভ্যন্তরীণ কার্যক্রম, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে স্বীকার করা হয়, সম্প্রতি প্রত্যাহার করা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল এবং পুরো প্রক্রিয়া আরও ভালোভাবে পরিচালনা করা উচিত ছিল।

ফিফা জানায়, এই প্রকল্প নিয়ে সদস্য দেশ ও ফিফা কাউন্সিলকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন মনে হওয়া মোটেই উদ্দেশ্য ছিল না। পাশাপাশি প্রস্তাবটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পর পরিস্থিতি সামাল দিতেও কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি।

এ ঘটনায় ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে পৃথক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে পরবর্তী কাউন্সিল সভায় একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এর আগে ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন, সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পটি আর এগিয়ে নেওয়া হবে না। রাবাতের বৈঠকেও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

তবে একই সঙ্গে ফিফা কঠোর বার্তা দিয়েছে যে, প্রকল্পটি প্রত্যাহারের পর সংস্থার সুনাম, স্বচ্ছতা ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের ভিত্তিহীন আক্রমণ সহ্য করা হবে না। ফিফার ভাবমূর্তি ও অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ফিফা আরও উল্লেখ করেছে, পুরো প্রক্রিয়ায় কিছু ভুল থাকলেও সংস্থার সব কার্যক্রম বিদ্যমান নিয়ম ও বিধিমালার আওতাতেই পরিচালিত হয়েছে। ভবিষ্যতে সদস্য দেশ, মহাদেশীয় কনফেডারেশন ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করে ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles