বাংলাদেশে ভারতের নির্ধারিত সাদা বলের সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে সিরিজটি আয়োজন করা নিয়ে সংশয় বাড়ছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা এখনো আশাবাদী, সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
সর্বশেষ গত ৫ আগস্ট দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের কয়েকজন নেতা ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও।
বিসিবির একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সেপ্টেম্বরে ভারতকে বাংলাদেশে এনে সিরিজ আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে আমরা ওপাশ থেকে কোনো সাড়া পাব বলে মনে হয় না। সত্যি বলতে, সিরিজটি ২৮ আগস্টের মধ্যেই হওয়ার কথা ছিল। হাতে আর কতদিনই বা আছে?’
সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’
তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল না হওয়া পর্যন্ত আশা ছাড়তে চাইছে না বিসিবি। ২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাংলাদেশ সফরও একপর্যায়ে পিছিয়ে যায়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। বিসিবি ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) মধ্যে আলোচনার পর সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও সিরিজটি আয়োজনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। কিন্তু ভারতের মাটিতে শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করায় সেই সম্ভাবনা এখন অনিশ্চয়তার মুখে।
এখন পর্যন্ত সিরিজ বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সময় যত এগোচ্ছে, সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়ানো নিয়ে সংশয়ও তত বাড়ছে।


