অস্ট্রেলিয়ায় আসতে ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে সেই সফরের দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ‘ছোট দল’ হিসেবে ভারত, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো নিয়মিত অস্ট্রেলিয়ায় খেলার সুযোগও হয়নি বাংলাদেশের। দ্বিতীয়বার অস্ট্রেলিয়া সফরে আসতে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। তবে এবার সুযোগ পেয়েই ডারউইনে চমক দেখিয়েছে বাংলাদেশ।

অবশ্য ম্যাকাইয়ে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। আজ রোববার দুই দিনেই শেষ হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ইনিংস ও ৫১ রানে হেরে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় আবারও খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে দলের ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

ম্যাকাইয়ের কন্ডিশনকে ব্যাটারদের জন্য কঠিন মনে হয়েছে শান্তর। তিনি বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কত ভালো দল। তারা তাদের চেহারা দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসে একটু হালকা বাড়তি বাউন্স ও সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল।’

এই ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিয়মিত খেলার বিকল্প দেখছেন না শান্ত। তাঁর মতে, ‘দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারের জন্যই এটা বেশ কঠিন ছিল। তাদের ব্যাটিংও শরিফুলের কারণে অস্বস্তিতে পড়েছিল। সত্যি কথা বলতে, এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন।’

তবে অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেট আরও উন্নতি করবে বলে বিশ্বাস শান্তর। তাই পরবর্তী সফরের জন্য আর ২৩ বছর অপেক্ষা করতে চান না তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের নিয়মিত হতে হবে এবং আমি বিশ্বাস করি, একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই। আমরা যদি প্রায়ই এখানে আসার সুযোগ পাই, আমাদের খেলার উন্নতি হবে।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles