জোড়া গোলে নতুন ক্লাবে জয়ের নায়ক সালাহ

তুরস্কের সুপার লিগে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের চেনা রূপে ফিরলেন মোহামেদ সালাহ। মিশরীয় তারকার জোড়া গোলে বাসেকসেহিরকে ২-১ গোলে হারিয়েছে ত্রাবজোনস্পোর। হ্যাটট্রিকও প্রায় করে ফেলেছিলেন তিনি। তবে যোগ করা সময়ে তাঁর করা গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় তিন গোলের কীর্তি হয়নি।

চলতি মৌসুমেই লিভারপুলের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুরস্কে পাড়ি জমান ৩৪ বছর বয়সী সালাহ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৫৭ গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে সৌদি আরবে যাওয়ার জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ত্রাবজোনস্পোরকেই বেছে নেন তিনি। সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে তুরস্কের ক্লাবটিতে যোগ দেন ‘মিসরীয় রাজা’।

ত্রাবজোনস্পোরের হয়ে এটি সালাহর তৃতীয় ম্যাচ। ঘরোয়া লিগে কাসিমপাশার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ইউরোপা লিগের প্লে-অফে ফেরেনৎসভারোসের বিপক্ষে প্রথম একাদশে থাকলেও সেই ম্যাচে হেরেছিল তাঁর দল।

বাসেকসেহিরের বিপক্ষে অবশ্য শুরু থেকেই ছিলেন সালাহ। আর মাঠে নেমেই বুঝিয়ে দেন, কেন তাঁকে ঘিরে এত প্রত্যাশা। ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষ গোলকিপার মুহাম্মদ শেনগেজারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক গোলে ত্রাবজোনস্পোরকে এগিয়ে দেন তিনি।

পরে পেনাল্টি থেকে এলদর শমুরোদভ গোল করলে সমতায় ফেরে বাসেকসেহির। তবে বিরতির পর মাত্র তিন মিনিটেই আবার এগিয়ে যায় ত্রাবজোনস্পোর। প্রায় ১০ গজ দূর থেকে প্রথম স্পর্শেই কোনাকুনি শটে বল জালে পাঠান সালাহ।

ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে ডি-বক্সে ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড দেখেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। এরপর যোগ করা সময়ে আসে হ্যাটট্রিকের দারুণ সুযোগ। প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়েছিলেন সালাহ। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এর আগেও একবার বল জালে পাঠিয়েছিলেন তিনি। তবে আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় সেটিও বাতিল হয়। ফলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও জোড়া গোলেই দলের জয়ের নায়ক সালাহ। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles