অ্যাস্টন ভিলার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে চেলসিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুক্রবার লন্ডনে পৌঁছে চেলসির মেডিকেল দেওয়ার কথা রয়েছে ৩৩ বছর বয়সী এই তারকার। এরপরই স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে চুক্তিতে সই করবেন তিনি।
চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে প্রশ্ন। ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচেও সানচেজের কিছু ভুল-ত্রুটি চোখে পড়ে। এরপরই গোলরক্ষক পজিশন শক্তিশালী করতে দ্রুত তৎপর হয়ে ওঠে চেলসি। মাত্র কয়েক দিনের আলোচনাতেই মার্টিনেজকে দলে ভেড়ানোর বিষয়টি অনেকটা চূড়ান্ত করে ফেলেছে তারা।
বৃহস্পতিবার চেলসিতে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেন মার্টিনেজ। এরপর শুক্রবারই মেডিকেল সম্পন্ন করতে লন্ডনে আসেন তিনি। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, মেডিকেল শেষে চেলসির সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করবেন মার্তিনেজ। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হচ্ছে।
অ্যাস্টন ভিলার হয়ে গত কয়েক মৌসুমে নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মার্টিনেজ। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে তার অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত গোলরক্ষকে পরিণত করে। ভিলার হয়েও দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। গত মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ভক্তদের কাছে হয়ে উঠেছেন ক্লাবের অন্যতম জনপ্রিয় মুখ।
তবে গত দুই গ্রীষ্ম ধরেই মার্টিনেজকে ঘিরে ছিল দলবদলের গুঞ্জন। চলতি দলবদলেও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শেষ পর্যন্ত সেই আলোচনা আর চূড়ান্ত রূপ নেয়নি।
এদিকে মার্টিনেজের ভিলা ছাড়ার পথ আরও সহজ করেছে ক্লাবটির নতুন গোলরক্ষক সংগ্রহ। পারমা থেকে জাপানের আন্তর্জাতিক গোলরক্ষক জিওন সুজুকিকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। উনাই এমেরির অধীনে নতুন মৌসুমে সুজুকিই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হতে পারেন।
সব মিলিয়ে ভিলা পার্কে মার্টিনেজ অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের ব্যাপার। শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি না হলে, খুব শিগগিরই চেলসির জার্সিতে দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে।


