ম্যারাডোনা পরেছিলেন। উত্তরাধিকার সূত্রে সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পেয়েছিলেন লিওনেল মেসি। এবার প্রশ্ন, মেসির পর আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে?
মেসির মতো আর কেউ হয়তো আসবেন না। কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে ৩৯ বছর বয়সী এই মহাতারকার বিদায়ের পর আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত নতুন একজনকে ১০ নম্বর জার্সি দিতেই হবে। তবে এই সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড় বেছে নেওয়ার বিষয় নয়; একই সঙ্গে ঠিক করতে হবে, মেসি-পরবর্তী যুগে ১০ নম্বর জার্সিটি আসলে কী প্রতিনিধিত্ব করবে।
প্রায় দুই দশক মেসির গায়ে থাকা আর্জেন্টিনার ১০ নম্বর এখন খালি। অবশ্য মেসি না থাকলে অন্য খেলোয়াড়রা আগেও এই নম্বর পরেছেন। তাই আর্জেন্টিনার ওপর অবিলম্বে কোনো একজনকে স্থায়ী উত্তরসূরি করার বাধ্যবাধকতা নেই।
২০২৬ বিশ্বকাপে ফিফার নিয়ম অনুযায়ী ১ থেকে ২৬, সব নম্বরই খেলোয়াড়দের মধ্যে বরাদ্দ করতে হয়েছে। ফলে ১০ নম্বর জার্সি অবসর দেওয়ার সুযোগও ছিল না। নিয়মে পরিবর্তন না এলে ভবিষ্যতের বিশ্বকাপে এই বিখ্যাত জার্সির নতুন মালিক প্রয়োজন হবেই।
কিন্তু কে হবেন সেই খেলোয়াড়?
মেসির চেয়েও বড় এক নম্বর
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির কিংবদন্তি অবশ্য মেসি তৈরি করেননি। তিনি পেয়েছিলেন সেই উত্তরাধিকার।
তার আগে এই নম্বরকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এমনকি ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ব্যতিক্রমীভাবে বর্ণানুক্রমিক পদ্ধতিতে জার্সি নম্বর দেওয়ার পরীক্ষা চালালেও ম্যারাডোনার জন্য রাখা হয়েছিল ১০ নম্বর। ফিফার রেকর্ড অনুযায়ী, সেই বিশ্বকাপে তিনজন খেলোয়াড় এই নিয়মের ব্যতিক্রম ছিলেন ড্যানিয়েল পাসারেয়া পেয়েছিলেন ৬, হোর্হে ভালদানো ১১ এবং মারাদোনা তার কাঙ্ক্ষিত ১০ নম্বর।
চার দশক পরও আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর মানেই যেন মারাদোনা ও মেসি দেশটির ইতিহাসের দুই শ্রেষ্ঠ ফুটবলারের প্রতিচ্ছবি।
২০০৯ সালের মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমবার সিনিয়র আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি পরেন মেসি। এর আগে তিনি ১৮ ও ১৯ নম্বরসহ বিভিন্ন জার্সি পরে খেলেছিলেন। এরপর ১০ নম্বর জার্সিটিও মেসির সঙ্গে ততটাই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়, যতটা আগে ম্যারাডোনার সঙ্গে ছিল।
তাই এবার আর্জেন্টিনার সিদ্ধান্ত শুধু একটি খালি নম্বর পূরণ করার বিষয় নয়। আর অবশ্যই এর অর্থ ‘পরবর্তী মেসি’ খুঁজে বের করাও নয়।
কারণ, মেসির বিকল্প কেউ নেই।
বরং বড় প্রশ্ন, মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনা ১০ নম্বর জার্সিকে কী হিসেবে দেখতে চায়? দলের প্রধান সৃজনশীল খেলোয়াড় হিসেবে? সবচেয়ে বড় আক্রমণাত্মক তারকা হিসেবে? ভবিষ্যতের উজ্জ্বলতম প্রতিভা হিসেবে? নাকি শুধু লিওনেল স্কালোনির দলের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে?
নিকো পাজ: সবচেয়ে রোমান্টিক পছন্দ?
আর্জেন্টিনা যদি ১০ নম্বর জার্সির ঐতিহ্যবাহী পরিচয় ধরে রাখতে চায় অর্থাৎ মাঝমাঠ ও আক্রমণের মাঝখানে খেলা সৃজনশীল ‘এনগানচে’কে এই নম্বর দিতে চায় তাহলে নিকো পাজের নাম সবার আগে আলোচনায় আসতে পারে।
২১ বছর বয়সী কোমো মিডফিল্ডার বাঁ পায়ের সৃজনশীল খেলোয়াড়। লাইনের মাঝখানে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে উঠে এসেছেন।
স্কালোনিও এর আগে পাজের ‘অসাধারণ ভবিষ্যৎ’ রয়েছে বলে মন্তব্য করেছেন। একাধিক পজিশনে খেলতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেও ছিল প্রতীকী এক মুহূর্ত। আলজেরিয়ার বিপক্ষে ১৮ নম্বর জার্সি পরে বদলি হিসেবে মাঠে নামেন পাজ। মাঠ ছাড়েন মেসি, আর তার জায়গায় নামেন আর্জেন্টিনার উদীয়মান সৃজনশীল প্রতিভা।
অবশ্য এতে পাজ মেসির উত্তরসূরি হয়ে যান না।
কারণ, একটি জার্সির উত্তরাধিকার পাওয়া আর সেই জার্সিধারী মানুষটিকে প্রতিস্থাপন করা এক বিষয় নয়।
তবে আর্জেন্টিনা যদি এমন একজন তরুণ সৃজনশীল খেলোয়াড়কে ১০ নম্বর দিতে চায়, যিনি আগামী চক্রে দলের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন, তাহলে পাজের জোরালো দাবি রয়েছে।
থিয়াগো আলমাদা: অভিজ্ঞ বিকল্প
১০ নম্বরের আরেকটি সম্ভাব্য নাম থিয়াগো আলমাদা।
স্কালোনির দলে তার অভিজ্ঞতা পাজের চেয়ে অনেক বেশি। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেরও সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও ছিলেন দলের সঙ্গে।
তবে এবারের বিশ্বকাপে আলমাদা পরেছেন ১৬ নম্বর জার্সি।
পাজের মতো ‘ভবিষ্যৎ সুপারস্টার’ হওয়ার আলোচনায় হয়তো আলমাদা ততটা এগিয়ে নেই। কিন্তু তিনি কারিগরিভাবে দক্ষ, ফরোয়ার্ডদের পেছনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং স্কালোনির আর্জেন্টিনার চাহিদা সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে।
তাই স্কালোনি যদি ধারাবাহিকতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেন, তাহলে ১০ নম্বরের জন্য আলমাদাও শক্তিশালী প্রার্থী।
হুলিয়ান আলভারেজ: নতুন আক্রমণভাগের নেতা?
আরেকটি পথও খোলা আছে। আর্জেন্টিনা চাইলে ঐতিহ্যবাহী প্লেমেকার খোঁজার চিন্তা বাদ দিয়ে দলের ভবিষ্যৎ প্রধান আক্রমণভাগের খেলোয়াড়ের গায়েও তুলে দিতে পারে ১০ নম্বর।
সেক্ষেত্রে আলোচনায় আসবেন হুলিয়ান আলভারেজ।
২০২৬ বিশ্বকাপে ৯ নম্বর জার্সি পরেছেন আলভারেজ। তিনি এখন দলের প্রতিষ্ঠিত সেন্টার-ফরোয়ার্ড। তাই জার্সি বদলের কোনো সুস্পষ্ট কারণও নেই।
তবে ২৬ বছর বয়সে তিনি ক্যারিয়ারের সেরা সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তার হাতে আছে বিশ্বকাপজয়ীর পদক এবং মেসি-পরবর্তী প্রজন্মের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের একজন তিনি।
যদি ১০ নম্বর জার্সি কোনো নির্দিষ্ট পজিশনের বদলে দলের সবচেয়ে বড় তারকার প্রতীক হয়ে ওঠে, তাহলে আলভারেজেরও শক্তিশালী দাবি রয়েছে।
তবে আপাতত এটি কেবল একটি বিতর্ক, কোনো আনুষ্ঠানিক উত্তরাধিকার পরিকল্পনা নয়।
এমন পরিস্থিতি আগেও সামলেছেন স্কালোনি
মেসি না থাকলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি অন্য খেলোয়াড়ের গায়ে ওঠার ঘটনা নতুন নয়। তাই স্কালোনির ওপরও এখনই একজন স্থায়ী উত্তরসূরি ঘোষণা করার কোনো চাপ নেই।
২০২৪ সালের সেপ্টেম্বরে চোটের কারণে মেসি না থাকায় চিলির বিপক্ষে ম্যাচে ১০ নম্বর কে পরবেন? এমন প্রশ্ন করা হয়েছিল স্কালোনিকে।
বিষয়টি তখন খুব একটা গুরুত্ব দিতে চাননি আর্জেন্টাইন কোচ। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, মেসির অনুপস্থিতিতে অ্যাঞ্জেল কোরেয়াও এর আগে ১০ নম্বর জার্সি পরেছেন।
তবে এরপর স্কালোনির একটি মন্তব্যেই বোঝা গিয়েছিল, মেসি থাকাকালীন জার্সিটির গুরুত্ব কতটা ছিল।
“আমরা জানি ১০ নম্বরের একজন মালিক আছে,” বলেছিলেন স্কালোনি। একই সঙ্গে জানিয়েছিলেন, এই নম্বরটির প্রতি আর্জেন্টিনার মানুষের বিশেষ ভালোবাসা রয়েছে।
পরের ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন পাওলো দিবালা। মেসি ক্যারিয়ারে অনুপস্থিত থাকলে আরও কয়েকজন খেলোয়াড়ও এই জার্সি পরেছেন।
কিন্তু স্কালোনি যে ‘মালিকের’ কথা বলেছিলেন, সেই মেসি এখন সত্যিই সরে দাঁড়িয়েছেন।
তার রেখে যাওয়া উত্তরাধিকারও বিশাল। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ, ১২৫ গোল, দু’টি কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের শিরোপা।
এখন মেসিকে কেন্দ্র করে দল সাজানোর সুযোগ নেই। মেসি-পরবর্তী যুগে নিজেদের নতুন করে গড়ে তুলতে হবে আর্জেন্টিনাকে।
তাই হয়তো তাড়াহুড়ো করে নতুন কোনো ‘নির্বাচিত উত্তরসূরি’ ঘোষণা না করাই ভালো।
১০ নম্বর যদি আর্জেন্টিনার প্রধান সৃজনশীল খেলোয়াড়ের প্রতীক হিসেবেই থাকে, তাহলে নিকো পাজ কিংবা থিয়াগো আলমাদা হতে পারেন স্বাভাবিক পছন্দ।
যদি এই নম্বর দলের নতুন আক্রমণাত্মক মুখের প্রতীক হয়ে ওঠে, তাহলে হুলিয়ান আলভারেজও থাকবেন আলোচনায়।
অথবা স্কালোনি চাইলে জার্সিটি এক খেলোয়াড়ের কাছ থেকে আরেক খেলোয়াড়ের কাছে ঘুরতে দিতে পারেন যতক্ষণ না কেউ নিজের পারফরম্যান্স দিয়ে ১০ নম্বরকে নিজের করে নেন।
আর্জেন্টিনা হয়তো আর কখনো লিওনেল মেসি পাবে না।
কিন্তু বিখ্যাত নীল-সাদা ১০ নম্বর জার্সি আবারও কোনো একদিন উঠবে নতুন একজনের গায়ে।
আর সেই নতুন ১০ নম্বর কে ? তা দেখার অপেক্ষায় থাকবে পুরো ফুটবল বিশ্ব।


