ভারতের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে আশাবাদী নিগার

আবারও সেমিফাইনালে ভারত। আবারও বাংলাদেশের সামনে কঠিন এক পরীক্ষা। উইমেন’স এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার দুবাইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ কঠিন হলেও হাল ছাড়তে রাজি নন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। নিজেদের সেরাটা দিতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব-এমন বিশ্বাসই তাঁর।

এশিয়া কাপে যাওয়ার আগে নিগার জানিয়েছিলেন, সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে চান না তারা। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পর সমীকরণটা বদলে যায়। শেষ পর্যন্ত গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ভারতের সামনে পড়তে হয়েছে বাংলাদেশকে।

শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবশ্য কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্যও। একপর্যায়ে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল মাত্র ৫৫। সেখান থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার। ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলে নাহিদ আক্তারের সঙ্গে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন তিনি। তাতে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১০৩ রান।

ছোট এই পুঁজিকেই পরে যথেষ্ট করে তোলেন বাংলাদেশের বোলাররা। নতুন বলে মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেয় বাংলাদেশ। এরপর স্পিনাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করেন। রাবেয়া খান ১৪ রানে ৩ উইকেট, সুলতানা খাতুন ১০ রানে ১ উইকেট এবং ফাহিমা খাতুন ১৬ রানে ১ উইকেট নেন। ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা আক্তার।

বাংলাদেশের বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানের বেশি করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ৩৪ রানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিগাররা।

তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি খুব একটা সুখকর নয়। সর্বশেষ এশিয়া কাপেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ উইকেটে হেরেছিল তারা। ২০২৩ এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে থেমে যেতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৮ এশিয়া কাপের ঐতিহাসিক সাফল্য ছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বড় মঞ্চে বারবারই কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ।

তবু অতীতের ফলাফল নিয়ে পড়ে থাকতে চান না নিগার। তাঁর কাছে সেমিফাইনালের দিন নিজেদের সেরা ক্রিকেট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিগার বলেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পারফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিন শেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’

ভারতের বিপক্ষে সেই কঠিন পরীক্ষায় বাংলাদেশ নামবে বৃহস্পতিবার দুবাইয়ে। অন্য সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles