পাকিস্তানকে যিনি ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিলেন, সেই ফাতিমা সানার হাতেই ভেঙে চুরমার স্বপ্নখানি। অল্পের জন্য হলো না আরও এক ভারত-পাকিস্তান লড়াই। প্রমীলা এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পর পাকিস্তানও বিদায় নিল শেষ চার থেকে।
আগের সেমিফাইনালে ভারত-বাংলাদেশ লড়াই জমজমাট না হলেও দ্বিতীয় সেমিফাইনালে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান দাঁড়ায় পাকিস্তানের সংগ্রহ।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে। ৩৬ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া শাওয়াল জুলফিকার ১৬ বলে ২৬ ও ফুল ফিরোজা ৩২ বলে ২১ রান করেন। ১০ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তুবা হাসান। লঙ্কানদের পক্ষে দুটি করে উইকেট পান চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোদা।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটা মোটেও ছিল না। দলীয় ৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এমনকি দলীয় ৩৩ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ৪ ব্যাটার।
এরপর প্রতিরোধ গড়ে তোলেন হারশিথা সামারাউইকরামা। ইমেশা দুলানি ২২ রান করে বিদায় নিলে সামারাউইকরামাকে সঙ্গ দেন কাভিশা দিলহারি। দুজন মিলে গড়েন ৬৭ রানের জুটি। তবে এই জুটিও ভাঙেন ফাতিমা সানা। যদিও তার হাতেই স্বপ্ন ভাঙে পাকিস্তানের। জমে ওঠা ম্যাচে ১৯তম ওভার করতে এসে নো বলের সাথে বাউন্ডারি হজম করেন, পাকিস্তানও ম্যাচ থেকে ছিটকে পড়ে। যদিও এদিন একাই ৪টি উইকেট শিকার করেছেন তিনি।
থাকতে হয়েছে অবশ্য বিজিত দলেই। হার্শিতা-কাভিশাদের পর নিলাকশিকা সিলভা ও কাউশিনি নুথিয়াঙ্গানা জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার।


