ভারতের অধিনায়কের সঙ্গে হাত না মেলানো জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানো নিয়ে তৈরি হওয়া আলোচনা এবার নতুন মাত্রা পেল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির এমন সিদ্ধান্তকে একান্তই ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না।

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচে দুই দলের অধিনায়কের করমর্দমা নিয়ে আলোচনা চলছে। সর্বশেষ নারী এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি জ্যোতিকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দেয়।

রফিকুল ইসলাম বাবু

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বাবু বলেন, হাত না মেলানোর সিদ্ধান্ত জ্যোতির নিজের। তবে তার মতে, খেলাধুলার মূল উদ্দেশ্যই হলো দেশগুলোর মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা।

তিনি বলেন, ‘অবশ্যই, এটা তার নিজের সিদ্ধান্ত। আমরা মনে করি, খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। আমরা চাই, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সঙ্গেই থাকুক। আর যে যেটা করেছে, সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে নানা সমালোচনা চলছে। অধিনায়কের পারফরম্যান্স এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিবি।

রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, আসন্ন এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স দেখার পর নারী দলের অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এশিয়ান গেমসের পর বাংলাদেশের সামনে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরও। ফলে নারী ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও ভাবছে বোর্ড।

অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার কথাও জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। তিনি বলেন, বোর্ড সভাপতি ও পরিচালকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অভিযোগগুলো যাচাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুধু অধিনায়ক বা কোচিং স্টাফের পরিবর্তন নয়, দলের সামগ্রিক শক্তি বাড়ানোর দিকেও নজর দিতে চায় বিসিবি। বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো করতে না পারাকে অন্যতম সমস্যা হিসেবে দেখছেন রফিকুল ইসলাম বাবু।

বিশ্বকাপেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে বলে মনে করেন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য ভুলের কারণে ম্যাচ হাতছাড়া হয়েছে। তাই ভবিষ্যতে এসব জায়গায় উন্নতি এনে দলকে আরও শক্তিশালী করাই এখন বোর্ডের লক্ষ্য।

নারী ক্রিকেটে নেতৃত্ব নিয়ে চলমান আলোচনা, জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আসন্ন এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স—সব মিলিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটে সামনে গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এশিয়ান গেমসের পরই অধিনায়কত্ব ও কোচিং কাঠামো নিয়ে বিসিবির অবস্থান আরও পরিষ্কার হতে পারে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles