এশিয়া কাপে ব্যর্থতা পর্যবেক্ষণ করছে বিসিবি

সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির টুর্নামেন্টে এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো সাফল্য নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সর্বশেষ এশিয়া কাপেও ব্যাটিংয়ে দলের দুর্বলতা স্পষ্ট হয়েছে। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটেও রানখরা চলছে।

এশিয়ান গেমসের পর নারী ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পর্যবেক্ষণে রয়েছে জ্যোতির অধিনায়কত্বও। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এশিয়া কাপের পারফরম্যান্স ও দলের বিভিন্ন বিষয় তাঁরা খতিয়ে দেখছেন।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। কারণ সদ্যই এশিয়া কাপ শেষ হলো। সেখান থেকে ওরা সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। আমি এখন এমন কথা বলতে চাচ্ছি না। যেহেতু দল আগেই নির্বাচিত হয়েছে, অধিনায়কও নির্ধারিত। আরও দেড়-দুই মাস আগে দল পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সামনে এশিয়ান গেমস থাকায় আপাতত সেই প্রতিযোগিতাতেই মনোযোগ বিসিবির। নারী বিভাগের এই চেয়ারম্যান বলেন, ‘এখন এই দলটাই খেলতে হবে। আমরা আশা করছি, ওখানে গিয়ে তারা ভালো খেলবে। যে ভুলগুলো করেছে, সেগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে। এই মুহূর্তে যেগুলো শোনা যাচ্ছে, সেগুলো আমরাও শুনেছি, পর্যবেক্ষণ করছি। তবে টুর্নামেন্টের পর ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব।’

এশিয়ান গেমসের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর রয়েছে বাংলাদেশ নারী দলের। সেই সফরগুলোর আগে দলে বেশ কিছু পরিবর্তন আনার সুযোগ দেখছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, দেখি এশিয়ান গেমসে তারা কেমন খেলে। আমরা আশা করছি ভালো খেলবে। তারপরে আমরা সিদ্ধান্ত নেব আসলে কী করা যায়। এরপর আমাদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে, অনেক কিছুই করার আছে আমাদের।’

অধিনায়ক জ্যোতিসহ অফফর্মে থাকা ক্রিকেটারদের ভবিষ্যৎও এশিয়ান গেমসে দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। আপনারা জানেন, এশিয়ান গেমসের নাম অনেক আগেই দিতে হয়। আমরা যদি দেখি ওখানে ভালো পারফর্ম করে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে একরকম। আর আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এশিয়ান গেমসে ভালো করলে জ্যোতির অধিনায়কত্ব বহাল থাকবে কি না-এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে। আমরা বড় বড় দেশকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি। তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হতে হয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি-কীভাবে দলটাকে আরও সুন্দর ও শক্তিশালী করা যায়।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles