আমি ব্যালন ডি’অর জয়ের বেশি যোগ্য: ইয়ামাল

২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াই জমে উঠেছে বেশ আগেই। সম্ভাব্য দুই প্রধান প্রতিদ্বন্দ্বী লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের কথাবার্তায় সেই উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠছে। দুজনই এবার নিজেদের পুরস্কার জয়ের যোগ্য বলে মনে করছেন।

মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-তে দেওয়া ইয়ামালের একটি সাক্ষাৎকারের অংশ প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার কথা আগামী শুক্রবার। এর আগেই প্রকাশিত অংশে বার্সেলোনার এই তরুণ তারকা জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য বলে মনে করেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট ইয়ামালের বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দেব? সত্যি বলতে, সম্ভবত দুজন খেলোয়াড় আছে, যারা বিশ্বের সেরা। তবে এ বছর আমি মনে করি, এটি পাওয়ার যোগ্য আমি।’

বিশ্বের সেরা দুই খেলোয়াড় হিসেবে কাদের দেখেন-এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দিয়েছেন ইয়ামাল। তাঁর মতে, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে, তারা এটা ভালোভাবেই জানে।’

ইয়ামালের এমন মন্তব্যের কয়েক দিন আগেই ব্যালন ডি’অর জয়ের দাবি তুলেছিলেন এমবাপে। ফরাসি তারকা বলেছিলেন, পুরস্কারটি ব্যক্তিগত হলেও দলীয় সাফল্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তবে নিজের সামর্থ্য নিয়ে তাঁর কোনো সংশয় নেই।

এমবাপে বলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একই সঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’

ব্যালন ডি’অরের মঞ্চে ইয়ামাল ও এমবাপের লড়াই অবশ্য শুধু ব্যক্তিগত পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও এই পুরস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। সে জায়গায় ইয়ামাল কিছুটা এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে।

গোল করার দিক থেকে দুজনই ছিলেন আলোচনায়। তবে এবারের বিশ্বকাপে স্পেনের সাফল্য ইয়ামালের পক্ষে বড় যুক্তি হতে পারে। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর শিরোপাও জিতেছে স্পেন। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে দলীয় সাফল্য মিলিয়ে ইয়ামালের দাবিটা আরও জোরালো।

আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এবার লন্ডনকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুরস্কারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles