জোতার মৃত্যু নিয়ে গ্যালারিতে কুরুচিপূর্ণ স্লোগানের ঘটনায় রোনালদোর প্রতিবাদের পর সৌদি আরবের ক্লাব আল-তাওউনকে শাস্তি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। সমর্থকদের আপত্তিকর আচরণের দায়ে ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী দুটি হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে তাদের।
আল-হিলালের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচটিতে ৬-০ গোলে হেরে যায় আল-তাওউন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল-তাওউনের একদল সমর্থক আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে প্রয়াত দিয়োগো জোতার নাম ধরে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন।
দিয়োগো জোতা গত বছরের ৩ জুলাই স্পেনের জামোরা শহরের কাছে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই দুর্ঘটনায় তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারান। জোতার ঘনিষ্ঠ বন্ধু নেভেস তাঁর শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন।
নেভেসকে লক্ষ্য করে জোতাকে নিয়ে এমন স্লোগানের ঘটনায় সৌদি ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর এর নিন্দা জানান ক্রিস্তিয়ানো রোনালদোও।
রোনালদো তাঁর ইনস্টাগ্রাম পোস্টে এমন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সমর্থকদের এমন আচরণের বিরুদ্ধে লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। কিছু সীমারেখা অবশ্যই নির্ধারণ করতে হবে। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢোকার সুযোগ দেওয়া উচিত নয়।’
ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেভেসও। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশা করি, যারা এমন করেছে, তারা এরপর গিয়ে প্রার্থনাও করবে না।’
আল-হিলালের কাছে বড় ব্যবধানে হারের পর মাঠের বাইরের বিতর্কের পাশাপাশি মাঠেও কঠিন সময় পার করছে আল-তাওউন। ওই ম্যাচের পর কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইন।
লিগে সাত ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে আল-তাওউন। শাস্তির কারণে ঘরের মাঠে তাদের পরবর্তী দুটি ম্যাচ-আল-রাইয়ান ও আল-কাদসিয়ার বিপক্ষে-খেলতে হবে দর্শক ছাড়াই।




