এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ

এশিয়ান গেমস এ খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ । আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগস্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রশিদ খান। বল হাতে দারুণ সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখছেন আফগানিস্তানের এই তারকা। তবে ব্যক্তিগত অর্জনের ঝুলিতে অসংখ্য রেকর্ড থাকলেও দেশের হয়ে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা এখনো জেতা হয়নি তাঁর।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন রশিদ। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আলোচনায় এসেছে ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী, আফগানিস্তানের নারী ক্রিকেট, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং এশিয়ান গেমস প্রসঙ্গও।

এশিয়ান গেমসে এবার আফগানিস্তানের তরুণ দল অংশ নিলেও সেই দলে নেই রশিদ। এ নিয়ে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন তিনি।

রশিদ বলেন, ‘আমি এশিয়ান গেমসের অংশ হতে চেয়েছিলাম। সবসময়ই সেখানে খেলতে চেয়েছি। কিন্তু এখনো দেশের হয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি।’

এবার সুযোগ না পাওয়ায় হতাশা থাকলেও তরুণ আফগান দলকে শুভকামনা জানিয়েছেন রশিদ। তাঁর মতে, দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছেন, যাঁরা অতীতেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।

রশিদ বলেন, ‘আমি সম্প্রতি অন্য একজনের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এশিয়ান গেমসে গিয়ে দেশের হয়ে পদক জিততে এবং বিশেষ কিছু করতে কতটা চেয়েছিলাম। হয়তো এবার সেটা আমার ভাগ্যে ছিল না।’

তরুণদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমি দলের জন্য শুভকামনা জানাই। আশা করি, তারা দেশের জন্য গর্ব বয়ে আনবে এবং আমরা আরও কিছু তরুণ প্রতিভাকে জাতীয় দলে উঠে আসতে দেখব।’

আফগানিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন রশিদ। তাঁর মতে, বড় দলগুলোর বিপক্ষে চাপের মুহূর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাই আফগানিস্তানের অন্যতম বড় সমস্যা। প্রতিভা কিংবা দক্ষতার ঘাটতি নেই, বরং গুরুত্বপূর্ণ সময়ে করা ভুলই দলকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করেন তিনি।

আধুনিক ক্রিকেটের পাওয়ার হিটারদের বিপক্ষে নিজের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন রশিদ। তাঁর মতে, প্রতিপক্ষ ব্যাটারের শক্তির জায়গা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে বোলিং করতে হয়। পাশাপাশি লাইন ও লেংথে ধারাবাহিক থাকাও গুরুত্বপূর্ণ।

ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর সঙ্গে লড়াই নিয়েও কথা বলেছেন রশিদ। মাত্র ১৫ বছর বয়সে বড় দল ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিপক্ষে তাঁর ছক্কা মারার ক্ষমতাকে বিশেষ প্রতিভার নিদর্শন হিসেবে দেখছেন আফগান এই লেগস্পিনার।

রশিদের ভাষায়,

তার পাওয়ার খুবই বিশেষ। তার বয়সে বড় দল ও অভিজ্ঞ খেলোয়াড়দের বিপক্ষে এভাবে ছক্কা মারা সহজ নয়। রান করার ক্ষেত্রে তার সবসময়ই দারুণ আগ্রহ দেখা যায় এবং তার মতো খেলোয়াড়কে থামানো কঠিন।

তার পাওয়ার খুবই বিশেষ। তার বয়সে বড় দল ও অভিজ্ঞ খেলোয়াড়দের বিপক্ষে এভাবে ছক্কা মারা সহজ নয়। রান করার ক্ষেত্রে তার সবসময়ই দারুণ আগ্রহ দেখা যায় এবং তার মতো খেলোয়াড়কে থামানো কঠিন।

আফগানিস্তানের নারী ক্রিকেট মাঠে ফেরার বিষয়েও নিজের সমর্থনের কথা জানিয়েছেন রশিদ। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেট বোর্ড ও আইসিসির বলে মনে করেন তিনি।

অন্যদিকে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক স্থগিত থাকায় বিগ ব্যাশ লিগে তাঁর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রশিদ জানিয়েছেন, বিগ ব্যাশে খেলার জন্য তিনি কয়েকটি প্রস্তাব পেয়েছেন। তবে এ ক্ষেত্রে আফগান ক্রিকেট বোর্ডের নির্দেশই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিগ ব্যাশে এখন পর্যন্ত ৯৮ উইকেট নিয়েছেন রশিদ। আর দুটি উইকেট পেলেই পূর্ণ হবে তাঁর শততম উইকেট। অস্ট্রেলিয়াকে নিজের অন্যতম প্রিয় দেশ উল্লেখ করে তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আবারও বিগ ব্যাশে ফিরতে চান।

রশিদ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের নিয়ম মেনে চলতে হয় এবং এটাই এখন আমার পরিস্থিতি। আশা করি, দুই বোর্ড আলোচনা করে এই সমস্যার সমাধানের সঠিক পথ খুঁজে বের করবে। আমি আশা করি, শিগগিরই আবার বিগ ব্যাশে নিজেকে দেখতে পাব।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles