জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। মাঠ খেলার উপযোগী না হওয়ায় স্থানীয় সময় সকাল ৯টায় নির্ধারিত ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে ম্যাচ মাঠে না গড়ালেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল।
ম্যাচ শুরুর আগে মাঠের পরিস্থিতি দেখতে তিনবার পরিদর্শন করেন আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। এরপর ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
র্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও বাইলজ অনুযায়ী সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে এশিয়ান গেমসের ক্রিকেটে বৈরী আবহাওয়া ও মাঠের অনুপযোগী পরিস্থিতির কারণে হাংজুতেও একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।
এদিকে আজ বাংলাদেশ নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হয়েছে দুই দিন আগে, ১৭ সেপ্টেম্বর। নাগোয়ায় সেপ্টেম্বর বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় হওয়ায় আগেই বাংলাদেশের ম্যাচে বৃষ্টির শঙ্কা ছিল। বৃষ্টির কারণে ম্যাচের আগেও পুরোপুরি অনুশীলন করতে পারেনি বাংলাদেশ নারী দল।




