এশিয়ান গেমস এর আগে দুঃসংবাদ পেল ভারত ! ক্রিকেটে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রতিযোগিতাটিকে যে তারা বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে, স্কোয়াড দেখলেই তা বোঝা যায়। এশিয়ান গেমসের আগে জাপানের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে এর আগেই দুঃসংবাদ পেল দলটি। চোটের কারণে তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকে হারিয়েছে তারা।
আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী বরুণ। এবার এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না তাঁর। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ভিপরাজ নিগাম।
চোট নিয়ে সতর্কতার কারণে এশিয়ান গেমসের দল থেকে নীতিশ কুমার রেড্ডির নামও প্রত্যাহার করা হয়েছে। তবে এশিয়ান গেমসের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ওয়ানডে দলে ফিরবেন নীতিশ।
২০২৫ আইপিএলে আলোচনায় আসা ভিপরাজ এবারই প্রথম বারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪২ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৯.৭৪।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফেরার পর প্রথম ম্যাচেই আবার চোট পেয়েছিলেন বরুণ। শুরুতে তাঁকে শুধু আফগানিস্তান সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাইরে রাখা হয়েছিল। তখন আশা করা হয়েছিল, আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হলো না।
বরুণের অনুপস্থিতিতে ভারতের স্পিন আক্রমণে অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণয়ের ওপরই বেশি ভরসা করতে হতে পারে। তাঁদের সঙ্গে থাকবেন ওয়াশিংটন সুন্দর। আর ভিপরাজ নিগাম থাকবেন বিকল্প হিসেবে।




