মিরপুরে নতুন ড্রেসিংরুম – বসছে অ্যাথলেটিক ট্র্যাক । শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াতে বেশ কিছু উন্নয়নকাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক নির্মাণ এবং স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম তৈরির পরিকল্পনা রয়েছে।
রোববার বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব উন্নয়নকাজের অনুমোদন দেওয়া হয়।
এনসিএ মাঠে নির্মাণ করা হবে তিন লেনের বিশেষায়িত রানিং ট্র্যাক। বিসিবির তথ্য অনুযায়ী, ট্র্যাকটি আন্তর্জাতিক মানের এবং আইএএএফ অনুমোদিত হবে। ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ, ফিটনেস কার্যক্রম এবং অন্যান্য ক্রীড়া অনুশীলনে এই ট্র্যাক ব্যবহার করা হবে। ক্রিকেটারদের নিয়মিত ফিটনেস ও রানিং সেশনের জন্য এটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
মিরপুর স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নেও নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশ এলাকা এবং কমন লবি উন্নয়নের প্রস্তাব অনুমোদন করেছে বোর্ড। এর পাশাপাশি নতুন করে আরও দুটি ড্রেসিংরুম নির্মাণ করা হবে।
নতুন ড্রেসিংরুমগুলো মূলত ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আয়োজন, প্রস্তুতি ম্যাচ ও অন্যান্য ক্রিকেট কার্যক্রমে ব্যবহার করা হবে। এতে একই সময়ে স্টেডিয়ামে একাধিক ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি হবে।
বর্তমানে প্যাভিলিয়ন ভবনে থাকা ড্রেসিংরুমগুলো আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহৃত হয়। নতুন দুটি ড্রেসিংরুম তৈরি হলে প্যাভিলিয়নের বিদ্যমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিসিবি। এতে আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়দের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা আরও সুরক্ষিত রাখা যাবে।
মিরপুর স্টেডিয়ামের এসব উন্নয়নকাজের পাশাপাশি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন নিয়েও উদ্যোগ নিয়েছে বিসিবি। এ জন্য স্থাপত্য, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।




