ডি থ্রি ট্রফির ছয় দলের প্রধান কোচ যারা

ঘরোয়া ক্রিকেটে পেশাদারত্ব ও প্রতিযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ডমেস্টিক থ্রি’ বা ডি থ্রি ট্রফির মাধ্যমে একই ফ্র্যাঞ্চাইজির অধীনে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট, ৫০ ওভারের ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণের ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

নতুন এই কাঠামোয় অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলোকে মাঠের কৌশল ও ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ কোচদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ছয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখেরা।

এইচ ব্লুস্টারের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। একমির প্রধান কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। সিটিজেন্স ব্যাংকের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল।

ফরচুনের প্রধান কোচ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। সেভেন রিংস সিমেন্টের ডাগআউট সামলাবেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের। আর ওয়ালটনের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

ডি থ্রি ট্রফির মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটের প্রচলিত কাঠামোয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বিসিবি। আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আলাদাভাবে চার দিনের প্রথম শ্রেণি ও ৫০ ওভারের ক্রিকেট এবং জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করা হতো। নতুন ব্যবস্থায় তিন সংস্করণকে একই ফ্র্যাঞ্চাইজি কাঠামোর অধীনে নিয়ে আসা হচ্ছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, করপোরেট ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। এর ফলে একাধিক মৌসুম ধরে দলগুলোর কাঠামো ও ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

ঘরোয়া ক্রিকেটে দর্শক আগ্রহ বাড়ানো, ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতার মধ্যে রাখা এবং প্রতিটি সংস্করণে দলগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই ডি থ্রি ট্রফির যাত্রা শুরু হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Related Articles