বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে এই সিরিজের দলে রাখা হয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগে দুজনই ফিট হয়ে উঠবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।
আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুই সিরিজের জন্য প্রায় একই স্কোয়াড রাখা হয়েছে।
পিঠের চোটের কারণে দুই সিরিজেই খেলতে পারবেন না পেসার ডারসি ব্রাউন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও এবার দলে নেই। অন্যদিকে অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন হ্যামিল্টন। অস্ট্রেলিয়ার নারী দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বাঁহাতি এই পেসারের সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার হাতে থাকছে ১২ জন খেলোয়াড়। অ্যালান বর্ডার ফিল্ডে ছয় দিনের ব্যবধানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ডব্লিউএনসিএলের পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে প্রয়োজন হলে স্কোয়াডে আরও একজন ক্রিকেটার যোগ করা হতে পারে বলে জানিয়েছেন ফ্লেগলার।
ডারসির চোট নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া। চোট থেকে সেরে উঠতে তার কিছুটা সময় লাগতে পারে। তবে অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে এই পেসারের মাঠে ফেরার আশা করছে দলটি।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন-নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।




