এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যর্থতার পর নারী দলের নতুন কোচ নিয়োগ দিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের মেয়েরা এখন তাসমান পাড়ে। আগামী ৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে ৭০ রানে হেরেছে নিগার সুলতানার জ্যোতিরা।
সেখানে নতুন প্রধান কোচ ডেভিড হেম্প গেল কয়েক দিন আগেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। তার পরিকল্পনায় ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট বলেই জানা গেছে। বিশেষ করে প্রথম দিনেই খেলোয়াড়দের সঙ্গে ২ ঘণ্টার একটি সেশন করেছিলেন। সেখানে সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন।
এরপর প্রস্তুতি ম্যাচের আগে ৩ ঘণ্টার আরেকটি মিটিং করেন। আলাদা আলাদা করে ভালো করার টোটকা দেন হেম্প। এমনকি নেটে ১৬ জন ক্রিকেটারকেই তিনি ব্যাটিং করিয়েছেন। কে কখন কার সময়ে বোলিং করবেন সেটাও শিট আকারে পাঠিয়েছেন আগেই সেই খেলোয়াড়ের কাছে।
দল হারলেও ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন গতকালকের ম্যাচেই লক্ষ্য করা গিয়েছে। ব্যাটাররা বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে পজিটিভ ইনটেন্ট নিয়েই ব্যাটিং করেছেন। বোঝা যাচ্ছে অতিরিক্ত ডট বল খেলার প্রবণতা কমার।




