বার্জার পেইন্টস বাংলাদেশের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন। রানার-আপ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা।
নয় রাউন্ডের এ প্রতিযোগিতায় শিরিন, ওয়াদিফা ও দিবা প্রত্যেকেই ৭ পয়েন্ট করে অর্জন করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে শিরিন চ্যাম্পিয়ন, ওয়াদিফা রানার-আপ এবং দিবা তৃতীয় স্থান লাভ করেন।

প্রতিযোগিতায় সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন সাতজন খেলোয়াড়। টাইব্রেকিংয়ের ভিত্তিতে চতুর্থ হন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। পঞ্চম স্থান অর্জন করেন মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। ষষ্ঠ হন বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। সপ্তম ও অষ্টম স্থান অর্জন করেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো। নবম হন ফেনীর নুশরাত জাহান লিজা এবং দশম স্থান লাভ করেন এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ।
এদিকে, ছয় পয়েন্ট করে অর্জন করা পাঁচজন খেলোয়াড়ের মধ্যে টাইব্রেকিংয়ে গাইবান্ধার সানজিদা সাকিব একাদশ এবং ঢাকা সিটির খন্দকার অনিকা মাওলা দ্বাদশ স্থান অর্জন করেন। এর ফলে তাঁরা জাতীয় মহিলা ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপে উন্নীত হয়েছেন। একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম ত্রয়োদশ, চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা চতুর্দশ এবং রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী পঞ্চদশ স্থান অর্জন করেন।
রোববার অনুষ্ঠিত প্রতিযোগিতার নবম ও শেষ রাউন্ডের খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবার মধ্যকার খেলা ড্র হয়। একইভাবে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা ও মহিলা ফিদে মাস্টার ইভা, মহিলা ফিদে মাস্টার খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আলো এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভার মধ্যকার খেলাও ড্র হয়।
শেষ রাউন্ডের অন্যান্য খেলায় লিজা জান্নাতুল প্রীতিকে, সানজিদা সাকিব মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, অনিকা সিমন আহমেদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জারিন জারিন তাসনিমকে, প্রিমা রায়েনা হাসানকে এবং জান্নাতুল ফেরদৌসী মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।
প্রতিযোগিতার শীর্ষ ১২ জন খেলোয়াড় বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া গতবারের মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং রানার-আপ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন।
নয় রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৭৪ জন খেলোয়াড় অংশ নেন।




