‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে অংশ নিচ্ছে ১৬ লাখের বেশি খেলোয়াড়

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে এবার নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজারেরও বেশি খেলোয়াড়। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিত খেলোয়াড়দের মধ্যে ৯ লাখের বেশি কিশোর এবং ৬ লাখের বেশি কিশোরী রয়েছে। শতকরা হিসাবে অংশগ্রহণকারীদের প্রায় ৫০ শতাংশ কিশোর এবং ৪২ শতাংশ কিশোরী। নারী ক্রীড়াবিদদের এই উল্লেখযোগ্য অংশগ্রহণ আগামী দিনে আরও পরিবারকে তাঁদের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠন করে ফুটবল, ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ আয়োজনের জন্য প্রাথমিকভাবে ১৪ লাখ খেলোয়াড়ের প্রয়োজন ছিল। যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি’ সিজন-২-এর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

গত আসরে আটটি ইভেন্টে নিবন্ধিত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড়। এবার ইভেন্টের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। ফলে এবারের আয়োজনে অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

এদিকে, ‘নতুন কুঁড়ি’র প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন বিজয়ী ক্রীড়াবিদের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে চলছে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এবারের নতুন ইভেন্টগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণ, তরুণ খেলোয়াড়দের দক্ষতা বিকাশ এবং দেশের ক্রীড়ার ভবিষ্যৎ শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের এবারের আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রেকর্ডসংখ্যক নিবন্ধন তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহেরই প্রতিফলন।

spot_imgspot_img
spot_img

Related Articles