মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না লিওনেল মেসি। ফলে রবিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা।
বুধবার এফসি সিনসিনাতির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন মেসি। তবে মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, তাঁর আগের একটি হলুদ কার্ডের শাস্তি ইতিমধ্যে মওকুফ হয়েছে।
সিনসিনাতির বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। চলতি মৌসুমে এর আগে অষ্টম, একাদশ, ২০তম, ৩১তম ও ৩৩তম ম্যাচ সপ্তাহেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তবে টানা পাঁচ ম্যাচ কোনো হলুদ বা লাল কার্ড না দেখানোয় শাস্তি থেকে রেহাই পেয়েছেন মেসি।
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচে হলুদ কার্ড, লাল কার্ড বা অতিরিক্ত শাস্তি না পেলে তাঁর হলুদ কার্ডের মোট সংখ্যা এক কমে যায়। মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়া যায়। মেসির আগের হলুদ কার্ডটি এভাবেই মওকুফ হয়েছে। ফলে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে কার্ডটি থাকলেও নিষেধাজ্ঞার হিসাব থেকে সেটি বাদ পড়েছে।

মায়ামির জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্টার্ন কনফারেন্সে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি। নিউ ইংল্যান্ডের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা। দুই দলই ২০২৬ এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে। তবে আগামী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের টিকিট পেতে রবিবারের ম্যাচে জয়ের বিকল্প নেই মায়ামির।
এমএলএস কাপ, লিগস কাপ, ইউএস ওপেন কাপ, সাপোর্টার্স শিল্ড ও দুই কনফারেন্সের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নস কাপের সরাসরি টিকিট পায়। সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে ন্যাশভিল। ফলে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে থাকা দল পাবে সরাসরি টিকিট। মৌসুমের শেষ দিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে পাওয়া মায়ামির জন্য বড় স্বস্তি।
সিনসিনাতির বিপক্ষে ড্রয়ের পর মায়ামি কোচ ক্রিস্টিয়ান গনসালেস বলেছেন, পয়েন্ট হারানোর আর কোনো সুযোগ নেই। তাঁর মতে, দলকে ঝুঁকি নিতে হবে, সাহসী ফুটবল খেলতে হবে এবং ভুলের ভয় কাটিয়ে উঠতে হবে।


