১৫ গোলের অপেক্ষায় ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা আরও দীর্ঘায়িত করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই অপেক্ষার পথে আরেকটি স্মরণীয় রাত কাটিয়েছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে আল নাসরকে জিতিয়েছেন ৫-৩ গোলে। বৃহস্পতিবারের এই জয়ে রোনালদোর ক্যারিয়ার গোলের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫। হাজারতম গোল থেকে এখন মাত্র ১৫ ধাপ দূরে তিনি।

ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল তিনটি করেন রোনালদো। ২-২ সমতায় থাকা ম্যাচে তাঁর হ্যাটট্রিকেই জয়ের পথ নিশ্চিত করে আল নাসর। এর আগে ১৬ মিনিটে জুলিয়েন ডোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খোলুদ। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে সমতা ফেরান আল নাসরের হয়ে। সাদিও মানের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোয়ান এসোম্বা আবার সমতায় ফেরান আল খোলুদকে।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন রোনালদো। কাছ থেকে করা দুটি গোলের মাঝে হেডে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। সৌদি আরবে ২০২৩ সালে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে এটি তাঁর সপ্তম হ্যাটট্রিক। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর হ্যাটট্রিক এখন ৬৭টি।

হুঙ্কার রোনালদোর

এই তালিকায় তাঁর সবচেয়ে বেশি হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের হয়ে-৪৪টি। পর্তুগাল জাতীয় দলের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক করেছেন তিনি।

আল নাসরের হয়ে রোনালদোর সতীর্থ ও পর্তুগাল দলের সহখেলোয়াড় জোয়াও ফেলিক্সও আলো ছড়িয়েছেন ম্যাচে। চারটি গোলে সহায়তা করেছেন তিনি। জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন রোনালদো। তাঁর গোলসংখ্যা এখন দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ৪৯ বেশি। আল নাসরের হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ মিলিয়ে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়, দলের দারুণ পারফরম্যান্স। হ্যাটট্রিকে অবদান রাখতে পেরে খুশি!’

spot_imgspot_img
spot_img

Related Articles