দক্ষিণ আফ্রিকাকে হারানোর দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হংকং সিক্সেস থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। শেষ বলের রোমাঞ্চে ছক্কা হজম করে হেরে গেছে টাইগাররা। অন্যদিকে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ভারত অথবা ইংল্যান্ড। দুই দলের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই খেলবে ফাইনালে।
এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেও জয়ের খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১ উইকেটের ব্যবধানে হারতে হয় দুই ম্যাচেই। এবারও ভাগ্য বদলাল না। ইনিংসের শেষ বলে ছক্কা হজম করে পরাজয় মেনে নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক জরিচ ভন স্কালকুইক। দুইবার ব্যাটিংয়ে নেমে মাত্র ২০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে দলের জয়ে বড় অবদান রাখেন আয়াবুলেলা গামানেও। মাত্র ৭ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রান।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আব্দুল্লাহ বায়ুমি। ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন হাবিবুর রহমান সোহান। আগের দুই ম্যাচের তুলনায় এদিন আরও বিধ্বংসী ছিলেন এই ওপেনার। তবে অন্য প্রান্তে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। একটি ছক্কা হাঁকালেও ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানে সাজঘরে ফেরেন তিনি।
সাব্বির ফিরলেও সোহানের ব্যাটে ঝড় থামেনি। মাত্র ১৩ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায় নেন তিনি। ইনিংসটি সাজান দুটি চার ও সাতটি ছক্কায়।
ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে হাঁকান ছয়টি ছক্কা। ওভারের প্রথম দুই বলেই অর্ধশতক পূর্ণ করেন সোহান। নিয়ম অনুযায়ী এরপরই মাঠ ছাড়তে হয় তাকে। বাকি চার বলে চারটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পরের ওভারের প্রথম বলেই ছক্কা মারেন অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
এরপরও থামেনি বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব। রনি ও মৃত্যুঞ্জয়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে টাইগাররা। ইনিংসের শেষ বলের আগের বলে ৬ বলে ২৬ রান করে আউট হন মৃত্যুঞ্জয়। নিয়ম অনুযায়ী আবারও ব্যাটিংয়ে নামেন সোহান। নেমেই আরও একটি ছক্কা হাঁকান তিনি।
অন্যদিকে অধিনায়ক রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে আসে চারটি চার।
এত বড় সংগ্রহ গড়েও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। জয়ের জন্য শেষ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। সেই বলেই ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন প্রোটিয়া ব্যাটাররা। আরেকটি শেষ মুহূর্তের হারে হংকং সিক্সেসের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।


