শিগগিরই সুখবর দেবে বিসিবি! দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করতে গত অক্টোবরে বিশেষ উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিভাবান বোলার অন্বেষণে কাজ করেছে বোর্ড। সেই কার্যক্রমে উঠে এসেছে বেশ কয়েকজন সম্ভাবনাময় বোলার। আজ বিজয়ী বোলারদের হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
অনুষ্ঠানে তামিম জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটারদের জন্য শিগগিরই বড় একটি সুখবর দিতে যাচ্ছে বিসিবি। এ নিয়ে বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ প্রকল্পের কাজ চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটির ঘোষণা আসতে পারে।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই, তবে দেশজুড়ে অনেক ক্রিকেটারের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, এমন একটি ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি এবং আমার ক্রিকেট বোর্ড একটি প্রকল্প নিয়ে কাজ করছি। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা সেটি ঘোষণা করতে পারব।’
এদিকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে পৃষ্ঠপোষকদের গুরুত্বের কথাও তুলে ধরেছেন বিসিবি সভাপতি। তার মতে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের সঙ্গে স্পন্সরদের সম্পৃক্ত করা গেলে ক্রিকেটের পাশাপাশি সামগ্রিক ক্রীড়াঙ্গনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তামিম বলেন, ‘যেকোনো খেলার জন্য স্পন্সররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পন্সরদের যদি সঠিকভাবে কাজে লাগানো যায় এবং তারা যদি যথাযথ পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করতে পারে, তাহলে তা শুধু ক্রিকেট নয়, সামগ্রিক ক্রীড়াঙ্গনেই বড় প্রভাব ফেলতে পারে।’




