পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার উন্নত চিকিৎসার দাবিতে সরব হয়েছিলেন বিশ্বের সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটার। খোলা চিঠির মাধ্যমে পাকিস্তান সরকারের কাছে তারা ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তবে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরান খানকে পুনরায় আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্রের বরাতে রয়টার্স জানায়, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে ইমরানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি চোখের পরীক্ষাও করা হয়। চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ার পর রাতেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
৭৪ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। তার বিরুদ্ধে করা একটি মামলা ছাড়া অন্য মামলা গুলোর সাজা স্থগিত কিংবা বাতিল হয়েছে। তবে এসব মামলার আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। শুরু থেকেই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। যদিও পাকিস্তান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইমরান খানের আইনজীবীদের দাবি,। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি। গত বছরের আগস্টের পর এই প্রথম তাকে হাসপাতালে নেওয়া হলো।
এদিকে, ইমরান খান ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে তাদের আইনজীবী দলের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন একটি আদালত।




