ব্যাট হাতে ঝড় তুলেছেন নিউজিল্যান্ডের বেভন জ্যাকবস। ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে অকল্যান্ডের হয়ে মাত্র ১৩৭ বলে অপরাজিত ২০২ রান করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ২১টি ছক্কা ও ৭টি চার। এই পারফরম্যান্সে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
বুধবার (১২ নভেম্বর) টুর্নামেন্টের ১৩তম ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্ক আউটার ওভালে এই কীর্তি গড়েন জ্যাকবস। চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুতেই দলের বিপর্যয় সামাল দেন তিনি। ১১.৫ ওভারে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল অকল্যান্ড। সেখান থেকে জ্যাকবসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৭৪ রানের সংগ্রহ পায় দলটি।
১৪৭.৪৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি জ্যাকবসের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি। একই সঙ্গে এই সংস্করণে নিজের আগের সর্বোচ্চ ৬৭ রানের ইনিংসকেও অনেক পেছনে ফেলেছেন তিনি।
পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনো ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা মেরেছিলেন তিনি। এবার ২১ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন জ্যাকবস। এই তালিকায় ১৭টি করে ছক্কা নিয়ে পরের অবস্থানে রয়েছেন গেরি স্নাইম্যান ও ইয়ন মরগান। স্নাইম্যান ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং মরগান ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন।
চলতি ফোর্ড ট্রফিতে এর আগে ওয়েলিংটনের বিপক্ষে ৭ এবং সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ৫৮ রান করেছিলেন জ্যাকবস। এবার ডাবল সেঞ্চুরি করে টুর্নামেন্টে নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ওটাগোর বিপক্ষে ম্যাচের আগে ৩২ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ছিল ২৭.৮৩। এ ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ব্যাটার। সেখানে ১৪৪.৩৪ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৩১৯ রান।




