টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। একসময় টেস্টে ধারাবাহিকতার জন্য লড়াই করা দলটি এখন বড় দল গুলোর বিপক্ষে জয় পাচ্ছে, এমনকি প্রতিপক্ষের মাঠেও সাফল্য দেখাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বাংলাদেশ রয়েছে ওপরের দিকে। এমন একটি দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে আফগানিস্তান। আবুধাবিতে অনুষ্ঠেয় টেস্টকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবেই দেখছে তারা।
আফগানিস্তান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই আবুধাবির এই ম্যাচটি বাংলাদেশের জন্য চ্যাম্পিয়নশিপের হিসাব-নিকাশে কোনো প্রভাব ফেলবে না। তবে আফগানিস্তানের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশের বিপক্ষে নিজেদের টেস্ট সামর্থ্য যাচাই করতে চায় তারা।
আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাসের কাছেও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশ দলের সাবেক এই কোচ মনে করেন, সাম্প্রতিক সাফল্যে আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে খেলা আফগানিস্তানের জন্য নিজেদের অবস্থান বোঝার ভালো সুযোগ। ক্রিকবাজকে পাইবাস বলেছেন, অস্ট্রেলিয়ায় সফল সফর করে আসা বাংলাদেশের বিপক্ষে খেলাটা টেস্ট ক্রিকেটে আফগানিস্তান ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, সেটি যাচাইয়ের সুযোগ করে দেবে।
প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না আফগানিস্তান
আফগানিস্তানের ক্রিকেটারদের টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের তুলনায় কম। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাও তুলনামূলকভাবে নতুন, আর ঘরোয়া প্রথম শ্রেণির কাঠামোও এখনো পুরোপুরি শক্তিশালী হয়ে ওঠেনি। তবে এবার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না দলটি। পাইবাস জানিয়েছেন, আফগানিস্তানের খেলোয়াড়েরা সম্প্রতি প্রথম শ্রেণির লাল বলের ক্রিকেট খেলেছেন। ফলে দীর্ঘ সময় ব্যাটিং-বোলিং করার পাশাপাশি মাঠে টিকে থাকার প্রয়োজনীয় অভিজ্ঞতাও তাঁরা পেয়েছেন।
বাংলাদেশের বোলিং আক্রমণকেও সমীহ করছেন আফগান কোচ। হাসান মাহমুদ, শরীফুল ইসলামদের মতো বোলারদের বিপক্ষে ব্যাটসম্যানদের ধৈর্য ও পরিস্থিতি অনুযায়ী খেলার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। পাইবাসের মতে, ডানহাতি-বাঁহাতি কিংবা গতি ও সুইং বিভিন্ন ধরনের বোলারের বিপক্ষে খেলতে হলে ক্রিকেটীয় সচেতনতা বাড়াতে হবে।
আফগানিস্তানের লক্ষ্য শুধু একটি টেস্টে ভালো করা নয়। দলটি নিয়মিত টেস্ট খেলার সুযোগ চায়। পাইবাস মনে করেন, যত বেশি টেস্ট খেলার সুযোগ পাওয়া যাবে, তত দ্রুতই দলটি এই সংস্করণে পরিণত হবে। সামনে নতুন ভবিষ্যৎ সফর সূচিতে আরও টেস্ট ম্যাচ যোগ হবেএটাই এখন তাঁর প্রত্যাশা।
বাংলাদেশের জন্য ম্যাচটি চ্যাম্পিয়নশিপের বাইরে হলেও আফগানিস্তানের কাছে এটি নিজেদের অগ্রগতি মাপা র বড় পরীক্ষা। তাই আবুধাবিতে দুই দলের লড়াইয়ে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের পাশাপাশি আফগানিস্তানের সামর্থ্যও থাকবে আলোচনায়।




