লিওনেল মেসির বিদায় বেলায় শ্রদ্ধা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদিনিও, নেইমার, লুইস সুয়ারেজসহ বর্তমান ও সাবেক অসংখ্য তারকা আর্জেন্টাইন মহাতারকাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। ফুটবল বিশ্বে যখন মেসির বিদায় ঘিরে আবেগের জোয়ার, তখন যেন অপেক্ষা ছিল আরেকজনের বার্তার। দুই দশক ধরে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদোও শেষ পর্যন্ত জানালেন তাঁর শ্রদ্ধা।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের পথচলার ইতি টেনেছেন তিনি। বিদায়ী ম্যাচটিও রাঙিয়েছেন গোল করে ও সতীর্থকে দিয়ে গোল করিয়ে।
আর্জেন্টিনার হয়ে এই বিদায় তাই শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা এবং ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মহা তারকা দেশটির ফুটবলে ফিরিয়েছেন সোনালি সময়। তাঁর বিদায়ী ম্যাচ ও আয়োজন তাই আর্জেন্টিনার গণ্ডি ছাড়িয়ে আলোচনায় এসেছে পুরো ফুটবল বিশ্বে।
এমন সময়েই নিজের ক্যারিয়ারে ভিন্ন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন রোনালদো। কোচ জর্জে জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে কয়েক দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন পর্তুগিজ তারকা। বিদায়ী ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দীর্ঘ এক বার্তায় নিজের অবস্থানও তুলে ধরেছেন তিনি।
মেসির বিদায়ে আবেগী রোনালদো
এর মধ্যেও মেসির বিদায় তাঁকে ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী বার্তার প্রতিক্রিয়ায় রোনালদো লিখেছেন, ‘লিও, এত গুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা। আলিঙ্গন। কিছুদিন আগে মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতেও শোক জানিয়েছিলেন রোনালদো। তাঁর সেই বার্তাও ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
গত দুই দশকে মেসি ও রোনালদোর নাম উচ্চারিত হয়েছে প্রায় একই নিঃশ্বাসে। মাঠে দুজন মিলে লিখেছেন অবিশ্বাস্য সব অধ্যায়। তাঁদের দ্বৈরথ ও লড়াই নিয়ে তৈরি হয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার গল্প। বিশেষ করে ক্লাব ফুটবলে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকবে অনন্য এক উপাখ্যান।
সময়ের সঙ্গে রেকর্ড ও অর্জনে অবশ্য রোনালদোকে ছাড়িয়ে গেছেন এই মহা তারকা। জাতীয় দলের হয়েও নিজেকে তুলেছেন অন্য উচ্চতায়। আর সেই অর্জনের স্বীকৃতিই যেন মিলছে তাঁর বিদায় বেলায় প্রতিদ্বন্দ্বী রোনালদোর শ্রদ্ধার মধ্য দিয়েও।




