সৌদি প্রো লিগে জয়টা অভ্যাসে পরিণত করেছিল আল নাসর। কিন্তু লীগ লড়াইয়ের শেষ মুহুর্তে এসে ছন্দপতন হয়েছে দলটির। রবিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে আল কাদশিয়ার কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ৩-১ গোলে জয় পেয়েছে আল কাদশিয়া।
এই হারে অবশ্য আল নাসরের খুব একটা সমস্যা হচ্ছে না। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা তাদেরই নিয়ন্ত্রণে রয়েছে। ৩১ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৭৪ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করছে আল হিলাল। ব্যবধানটা এ মুহুর্তে পাঁচ পয়েন্টের হলেও যে কোনো সময় দুয়ে নেমে আসতে পারে। কেননা আল হিলাল একটা ম্যাচ কম খেলেছে। সেক্ষেত্রে শিরোপা জয়ের লড়াইটা জমজমাট হয়ে উঠতে পারে।

টানা ১৬ জয়ের পর হার
গত কয়েক সপ্তাহ আল নাসর পারফরম্যান্সের ব্যারোমিটার সপ্তম আকাশে ছিল। জয়কে তারা স্থায়ী ঠিকানা করে নিয়েছিল। লিগে ১৬ ম্যাচসহ টানা ২০ ম্যাচে জয়ের স্মৃতি নিয়ে তারা এ ম্যাচে মাঠে নেমেছিল। গত ১২ জানুয়ারি লিগে তারা সর্বশেষ ম্যাচে হেরেছিল। এ সময় অবশ্য তাদের সময়টা খারাপই যাচ্ছিল। সে সময় টানা তিন ম্যাচ হারসহ চার ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। তবে ১৭ জানুয়ারি আল শাহাবকে হারানোর মাঝ দিয়ে তারা নিজেদেরকে নতুনভাবে ফিরে পায়। একের পর এক জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। শুধু তাই নয়, এবারের লিগ শিরোপা জয়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় পৌঁছেছে।
গোল পাননি রোনালদো
২০২৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাব সমর্থকরা শিরোপা জয়ের স্বপ্নে বুদ হয়ে উঠেছিল। কিন্তু এতদিন সেই স্বপ্ন পূরণ হয়নি, এবার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। এ ম্যাচে রোনালদো মাঠে ছিলেন কিন্তু গোলের দেখা পাননি। ৯৭০ গোল নিয়ে এই পর্তুগীজ তারকা এখন প্রথম খেলোয়াড় হিসেবে হাজারতম গোলের কীর্তি গড়ার অপেক্ষায়। চলমান মৌসুমে ক্লাবের হয়ে তিনি ২৫ গোল করেছেন।
১২ মে ফাইনাল
গত ২৯ এপ্রিল আল হিলাল থেকে নিজেদের ৮ পয়েন্ট দূরত্বে নিয়ে গিয়েছিল আল নাসর। সেদিন জয় পেয়েছিল আল আহলির বিপক্ষে। কিন্তু শনিবার আল হিলাল নিজেদের ম্যাচে জয় পেয়ে ব্যবধানটা পাঁচ পয়েন্টে নিয়ে আসে। রবিবার আবার ব্যবধান বাড়ানোর সুযোগ আসে আল নাসরের সামনে। কিন্তু সে সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। নিজেদের পরবর্তী ম্যাচে জয়ের মাঝ দিয়ে যদি আল হিলাল ব্যবধান দুই পয়েন্টে নিয়ে আসতে পারে তাহলে আগামী ১২মে আল নাসর-আল হিলাল ম্যাচটি শিরোপা নির্ধারক ম্যাচে রূপ নেবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















