বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আলিসনে জানিয়েছেন ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে । ফিফা বিশ্বকাপে অংশ না নিয়েও ফুটবল উন্মাদনায় আবারও বিশ্বজুড়ে আলোচনায় বাংলাদেশ। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ, বিশাল পতাকা, রঙিন শোভাযাত্রা এবং বিজয় উদ্যাপনের অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সেই ভালোবাসার প্রতিদান এবার দিলেন ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকার। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নাটকীয় ২-১ গোলের জয়ের পর টি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলিসন। তিনি বলেন,
ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
আলিসনের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ব্রাজিল-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই ব্রাজিলের এই গোলরক্ষকের বক্তব্যকে দুই দেশের ফুটবলপ্রেমীদের আবেগের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।
জাপানের বিপক্ষে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচে সমতা ফেরান কাসেমিরো। পরে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে কাসেমিরোও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের ভালোবাসা দলকে আরও অনুপ্রাণিত করে।
বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রতি ভালোবাসা প্রকাশের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের প্রতি নিজের আবেগের কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছিলেন, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।
বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও দেশের কোটি কোটি সমর্থক নিজেদের প্রিয় দলকে ঘিরে তৈরি করেছেন উৎসবের আবহ। সেই আবেগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও একাধিকবার উঠে এসেছে। বিদেশি ফুটবলারদের মুখে বাংলাদেশের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ দেশের সমর্থকদের জন্য নিঃসন্দেহে বিশেষ আনন্দের বিষয়।
এদিকে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে আর্জেন্টিনা শেষ ৩২-এর লড়াইয়ে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে। এখন দুই দলের পরবর্তী ম্যাচ ঘিরেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উচ্ছ্বাস ও অপেক্ষা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















