বাংলাদেশের পেস বোলিং নিয়ে আমরা তুলনায় যেতে চাই না-শান মাসুদ পাকিস্তানের অধিনায়ক এমন মন্তব্য করেন। তবে পেস বোলিংয়ে পাকিস্তান বরাবরই শক্তিশালী বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এ মুহূর্তে সেই পাকিস্তানের চেয়েও পেস বোলিংয়ের দিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এবার শান্তর সেই বক্তব্যের জবাব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। পাকিস্তান নাকি বাংলাদেশের পেস বোলিং এগিয়ে- ক্রিকেটে নতুন এক বিতর্কই সৃষ্টি হয়েছে বলা চলে। শান্ত পাকিস্তানকে সমীহ করলেও বলেছিলেন, পেস অ্যাটাক কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশের। তবে শান মাসুদ এসব নিয়ে ভাবতেই নারাজ। তিনি শুধু নিজেদের দিকেই দৃষ্টি রাখছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে আগে বৃহস্পতিবার মিরপুরে পাকিস্তানের অধিনায়ক বলেন,
তাদের শক্তি তাদের জায়গায়, আমাদের শক্তি আমাদের জায়গায়। আমরা শুধু আমাদের নিয়েই ভাবতে পারি, আমাদের দৃষ্টিকোণ থেকে। আমি মনে করি, আমাদের ১৬ জনের ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড আছে। যারা এই কন্ডিশনেও খেলেছে। দল নিয়ে আমরা খুশি। ১০ দিন ভালো খেলতে চাই, সেরা ক্রিকেট খেলতে চাই, সিরিজ জিততে চাই।
তবে দল হিসেবে বাংলাদেশ যে এখন অনেক শক্তিশালী, তা মানতে কোনো আপত্তি নেই সফরকারী দলের অধিনায়কের। আর এমন দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েও তৃপ্ত। এছাড়া তিনি বলেন,
আমি দুটি সিরিজ খেলেছি বাংলাদেশের বিপক্ষে। একটা ছিল এক ম্যাচের সিরিজ, রাওয়ালপিন্ডিতে। এরপর খেলি দুই বছর আগে। এখন প্রায় একই দল। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্কিলফুল। স্পিন বোলিং বা পেস খুব শক্তিশালী। আমরা এই চ্যালেঞ্জ পছন্দ করি। ভালো ও কঠিন দলের বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি।
বাংলাদেশ ও পাকিস্তানের পেস অ্যাটাকের মধ্যে তুলনা করতে না চাইলেও পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটার মানছেন, বাংলাদেশ পেস বোলিংয়ে যেভাবে এগোচ্ছে তা মুগ্ধ করার মতো। তিনি বলেন,
বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। বাংলাদেশের বাঁহাতি, ডানহাতি পেসার আছে। তাদের দারুণ স্কিল আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ। একটা ভালো অ্যাটাকের বিরুদ্ধে খেলে রান করতে চাই… এটা সম্ভবত আমার দেখা বাংলাদেশের সেরা পেস অ্যাটাক।
অবশ্য পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন ‘আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত। পাকিস্তানেও এমন কন্ডিশনই থাকে।
