ফিফা বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দকে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউট খেলবে-গ্রুপ এইচ রানার্সআপ কেপ ভার্দের সঙ্গে। বাঁচা মরার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী আগামী ১ জুলাই বুধবার রাত ২টায় সিয়াটলে।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম এখন কেপ ভার্দ। মাত্র চার হাজার বর্গকিলোমিটারের একটু বেশি আয়তন এবং প্রায় ছয় লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে ওঠা সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে নতুন ইতিহাস গড়েছে। সেই রূপকথার অভিযানের পর এবার তাদের সামনে দাঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে অন্য ম্যাচের ফল জানার পরই নিশ্চিত হয় কেপ ভার্দের প্রতিপক্ষ। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে জেনে হতাশ নয়, বরং উচ্ছ্বাসে ফেটে পড়েন দলটির ফুটবলাররা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাই তাদের কাছে বড় মঞ্চে নিজেদের আরও একবার প্রমাণ করার সুযোগ।
বিশ্বকাপে অভিষেকেই কেপ ভার্দ দেখিয়েছে দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা। প্রথম ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখায় তারা। এরপর লাতিন আমেরিকার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গেও সমতা রেখে তিন ড্রয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।
বিশ্বকাপের আগে এই গ্রুপ থেকে স্পেনের সঙ্গে উরুগুয়েকেই পরের পর্বে যাওয়ার সম্ভাব্য দল হিসেবে বিবেচনা করেছিলেন বেশিরভাগ বিশ্লেষক। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে ইতিহাস গড়েছে আটলান্টিক মহাসাগরের ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট দেশটি। কেপ ভার্দের এই সাফল্যের অন্যতম নায়ক গোলরক্ষক ভজিনিয়া। স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর সৌদি আরবের বিপক্ষেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে নকআউটে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।
তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা। দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার। অভিজ্ঞতা, তারকাসমৃদ্ধ স্কোয়াড এবং বড় ম্যাচের চাপ সামলানোর দক্ষতায় এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অন্যদিকে হতাশাজনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সৌদি আরবও টানা ষষ্ঠবারের মতো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।
সব মিলিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বিশ্বকাপের নতুন বিস্ময় কেপ ভার্দের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। একদিকে মেসির অভিজ্ঞতা, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কেপ ভার্দ-নকআউটের এই বাঁচা-মরার ম্যাচে কে হাসবে শেষ হাসি, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















