নারীদের পর পুরুষ ক্রিকেট দলও এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরল। শনিবার এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৬৩ রানে হেরেছে লিটনরা। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
জাপানে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো হয়নি। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ দিয়ে শুরু করে বাংলাদেশ। সেই ঘূর্ণিতে মাত্র চার ওভারের মধ্যেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে খেলার সুযোগ না পাওয়া রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম আজ প্রথম স্পেলেই দারুণ বোলিং করেছেন। ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তাঁর করা ১৮ বলের ১২টিই ছিল ডট বল।
আগের ম্যাচে সাইফ হাসানকে বোলিংয়ে ব্যবহার করেননি অধিনায়ক লিটন দাস। আজ স্পিনবান্ধব উইকেটে সাইফের হাতে বল তুলে দেন তিনি। তবে প্রথম স্পেলে দুই ওভারে ১৮ রান দেন সাইফ। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট।
১৩ ওভার পর্যন্ত বেশ চাপে ছিল শ্রীলঙ্কা। বল কিছুটা পুরোনো হয়ে আসায় ১৪তম ওভারে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন লিটন। কিন্তু প্রথম ওভারেই ২৫ রান দিয়ে বসেন বাঁহাতি এই পেসার। প্রথম দুই বলেই চার মারেন শ্রীলঙ্কার দুই ব্যাটার। এরপর শাহিন আরচিয়েগে ও থারিন্দু রত্ননায়েকে হাত খুলে খেলতে শুরু করেন।
দুই ওভার বিরতি দিয়ে প্রান্ত বদলে আবার মোস্তাফিজকে আক্রমণে আনেন লিটন। নিজের দ্বিতীয় ওভারে ১১ রান দেন তিনি। রিশাদ হোসেনও শেষ ওভারে ২১ রান খরচ করেন। ফলে ১৩ থেকে ১৮ ওভারের মধ্যে ৮৩ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় শ্রীলঙ্কা।
১৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৪৭ রান। এরপর নিজের তৃতীয় ওভারে এসে কিছুটা ছন্দ ফিরে পান মোস্তাফিজ। ওভারের প্রথম বলেই ফিফটি করা থারিন্দু রত্ননায়েকেকে ফেরান তিনি। একই ওভারে আরও একটি উইকেট নিয়ে মাত্র ৭ রান দেন মোস্তাফিজ। শেষ ওভারে বল হাতে নেন সাইফ হাসান। ওই ওভারে ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে ১৬৫ রানে থামান তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করার জন্য যে ধরনের ব্যাটিং প্রয়োজন ছিল, তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই সাজঘরে ফেরেন সাইফ হাসান, ৬ বলে ০ রান করে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও খুলতে পারেননি রানের খাতা। তিনি যখন ফিরছেন সাজঘরে, ৮ বল শেষে ২ উইকেট হারানো বাংলাদেশের নামের পাশে কোনো রানই নেই।
অধিনায়ক লিটন দাসের জন্য এদিন ছিল রানে ফেরার সুবর্ণ সুযোগ। তবে দলীয় ৪ রানে তিনিও সাজঘরে ফেরেন শূন্য রানে। তাওহীদ হৃদয় ভালো কিছুর ইঙ্গিত দিলেও ৬ বলে ১১ রান করে বিদায় নিলে এরপর কার্যত আর ম্যাচেই ফেরা হয়নি টাইগারদের। পারভেজ হোসেন ইমন ২৬ বলে ২২ ও ইয়াসির আলী ১৬ বলে ২১ রান করেন।
শেষদিকে একাই রান তোলার চেষ্টা করেন ২৮ বলে ২৬ রান করা নাসুম আহমেদ। তবে জয়ের জন্য মোটেও যথেষ্ট ছিল না এসব প্রচেষ্টা। শেষপর্যন্ত বিশাল হার নিয়েই বিদায় নেয় এশিয়ান গেমস থেকে, পদকশূন্য হাতে। ১৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে গেলে ৬১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
- শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৫/৯
- বাংলাদেশ ১৭.৩ ওভারে ১০২/১০
- শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী




