প্রথম বলেই চার, পরের বলে ছক্কা। শুরুটা যেমন ছিল, শেষটাও হলো তেমনই দাপুটে। লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ব্যাটে ঝড় উঠল ব্লুমফন্টেইনে। নাইটসের বোলারদের শাসন করে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটসম্যান। ভেঙে দিলেন টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১৩ বছরের পুরোনো সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে টাইটান্সের হয়ে এই কীর্তি গড়েছেন ২০ বছর বয়সী প্রিটোরিয়াস। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে টাইটান্স ৩ উইকেটে ২৬৭ রান করে। জবাবে ১৪৩ রানে অলআউট হয়ে যায় নাইটস। টাইটান্স জয় পায় ১২৪ রানে।
টি-টোয়েন্টিতে এত দিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে গেইল সেদিনও দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন।
শুক্রবার ব্লুমফন্টেইনে গেইলের সেই রেকর্ড ভেঙে দেন প্রিটোরিয়াস। ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। নবম ওভারের প্রথম দুই বলে চার ও ডাবল নিয়ে মাত্র ৪০ বলেই পৌঁছে যান তিন অঙ্কে।
এরপর কিছুটা ধীর হয়ে এলেও পঞ্চদশ ওভারে আবারও গতি বাড়ান প্রিটোরিয়াস। ওই ওভারে একটি চার ও দুটি ছক্কা মেরে ৫৮ বলে ১৫০ রান পূর্ণ করেন তিনি।
শেষ তিন ওভার শুরু হওয়ার সময় তাঁর রান ছিল ১৬৬। তখন মনে হচ্ছিল, টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যেতে পারেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য আরও ১০ বল খেলে ১৮৮ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস। ইতিহাস গড়া ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও ১৩টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারি থেকেই করেছেন ১৩৮ রান।
এই ইনিংসের মধ্য দিয়ে পুরুষদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ডেও যৌথভাবে শীর্ষে উঠেছেন প্রিটোরিয়াস। ৭৯ বল খেলে তিনি এখন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে একই তালিকায়। প্রিটোরিয়াসের তাণ্ডবের দিনে টাইটান্সের আর কোনো ব্যাটসম্যান ৩০ রানও করতে পারেননি। তাঁর একার ব্যাটেই মূলত বিশাল সংগ্রহ গড়ে টাইটান্স। ৩ উইকেটে ২৬৭ রান প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এই তালিকার শীর্ষেও রয়েছে টাইটান্স। ২০২২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল তারা। নাইটসের বিপক্ষে বড় জয়ের ম্যাচটি প্রিটোরিয়াসের ২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচ। তবে এর আগে থেকেই ব্যাট হাতে ছন্দে ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রান করেছিলেন এই তরুণ ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ২২টি ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। তবে টি-টোয়েন্টিতে তাঁর অভিজ্ঞতা কম নয়। এই সংস্করণে ৯১ ম্যাচে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। সেঞ্চুরি রয়েছে তিনটি। সর্বশেষটি তাঁকে এনে দিল টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।




