এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করেছে সরকার। ভবিষ্যতে শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, পদক জয়ের সম্ভাবনা রয়েছে-এমন ইভেন্টকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাপানে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেয় বাংলাদেশ। তবে কোনো ইভেন্টেই প্রত্যাশিত সাফল্য পায়নি দেশের ক্রীড়াবিদেরা। ক্রিকেটেও পদকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি।
পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দলটি সেই ম্যাচেও হেরে যায় ৬৩ রানে। ফলে চতুর্থ হয় বাংলাদেশ, আর ব্রোঞ্জ পদক জেতে শ্রীলঙ্কা।
রোববার গণমাধ্যমকে আমিনুল হক বলেন, এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক হয়েছে। এই ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বিশেষ মূল্যায়ন কমিটি কাজ করবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা। যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
এশিয়ান গেমসে ক্রিকেট থেকে এবারই প্রথম পদক ছাড়া ফিরতে হচ্ছে বাংলাদেশকে। এর আগে ২০১০ সালে পুরুষ ক্রিকেটে সোনা জেতার পর পরবর্তী আসরগুলোতেও পদক পেয়েছিল বাংলাদেশ।
ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ডিসিপ্লিনেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এবারের আসরে বাংলাদেশের একমাত্র পদক এসেছে উশু থেকে। নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার।
এবারের ব্যর্থতার পর ভবিষ্যতে কোন কোন খেলায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করে বিনিয়োগ ও প্রস্তুতিতে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছে সরকার। দীর্ঘমেয়াদি প্রস্তুতি, প্রয়োজনীয় বিনিয়োগ এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক আসরে পদক জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চায় ক্রীড়া মন্ত্রণালয়।


