উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম লেগের এই ম্যাচটি। উভয় দলের জন্য কঠিন এক লড়াই এটি।
এ ম্যাচের জয়ের অর্থ ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। সেখানে তাদের জন্য অপেক্ষায় থাকবে বায়ার্ন মিউনিখ অথবা প্যারিস সেন্ত জার্মেই। ইতিমধ্যে প্যারিস সেন্ত জার্মেই প্রথম লেগের খেলায় জয় পেয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় ফ্রেঞ্চ দলটি জার্মানির বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে। ফিরতি লেগের খেলাটি বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে খেলবে।
এগিয়ে যাওয়ার লড়াই
আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের এটা চতুর্থ মুখোমুখি লড়াই। আগের তিন লড়াইয়ে কেউ এগিয়ে থাকার সুযোগ পায়নি। একবার করে উভয় দল জয়ের হাসি হেসেছে। একবার ড্র। সর্বশেষ ম্যাচে সাফল্যের হাসি হেসেছে ইংলিশ ক্লাবটি। গত বছরের অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের খেলায় আতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল। ৪-০ গোলের বিশাল জয়, আজকের ম্যাচে আর্সেনালকে মানসিকভাবে এগিয়ে রাখবে।
শুধু সেই ম্যাচ অনেক ক্ষেত্রেই আতলেতিকো থেকে এগিয়ে আর্সেনাল। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারলেও ঘরোয়া লিগে শিরোপা জয়ের দৌড়ে রয়েছে গানার্সরা। পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। যদিও ম্যানচেস্টার সিটি তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে ঘরোয়া লিগে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ। কোপা দেল রেও জিততে পারেনি দলটি।
শক্ত আর্সেনালের রক্ষণভাগ
আর্সেনাল এবার রক্ষণভাগটা বেশ শক্ত পোক্ত প্রমাণ করে চলেছে। ১২ ম্যাচে মাত্র পাঁচবার বল তাদের জালে স্পর্শ করেছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের রক্ষণভাগটা বেশ দুর্বলতার পরিচয় দিয়ে চলেছে। ২৬ গোল হজম করেছে দলটি। বিপরীতে গোল করেছে ৩৪টি। এর মাঝে দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ করেছেন ৯ গোল। আর্সেনালের অবশ্য কোনো একক খেলোয়াড় এমন নৈপুণ্য দেখাতে পারেননি।
উভয় দলের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কোন দলই এ পর্যন্ত ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেনি। আতলেতিকো মাদ্রিদ দুইবার খুব কাছ থেকে ফিরেছে। ২০১৪ ও ২০১৬ সালে ফাইনালে পৌঁছালেও উভয় আসরে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে। আর ২০০৬ সালে ফাইনাল খেলা আর্সেনাল হেরেছিল বার্সেলোনার কাছে।
কঠিন সময় আর্সেনালের
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও বেশ কঠিন সময় পার করছে আর্সেনাল। সর্বশেষ তিন ম্যাচের দুটোতে হেরে লিগ শিরোপা জয়ের লড়াইকে নিজেদের জন্য কঠিন করে তুলেছে দলটি। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের লড়াইটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় শেষ মুহুর্তের গোলে তারা ড্র করেছিল। আর সেমিফাইনালে স্পোর্টিং লিসবনের বিপক্ষে একটা মাত্র গোল করেছে তারা। সেটি প্রথম লেগের ৯১ মিনিটে।
