যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দ্বৈরথে এগিয়ে কারা ? ঘরের মাঠে সামনে চেনা প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের দৃষ্টিনন্দন সোফাই স্টেডিয়ামে ‘গ্রুপ ডি’-এর প্রথম ম্যাচে আমেরিকানদের প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার লড়াকু দল প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায়।
বলা হচ্ছে, বিশ্বখ্যাত কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে এটিই আমেরিকানদের সোনালী প্রজন্মের জন্য বিশ্বকাপে নিজেদের সেরাটা প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। যদিও বিশ্ব র্যাংকিংয়ের ১৭ নম্বরে আছে তারা। অবশ্য এবারের বিশ্বকাপের অন্যতম ডাক হর্স বিবেচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে।
এসি মিলানের তারকা ক্রিস্টিয়ান পুলিসিক ক্লাবের হয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা অফ-ফর্মে থাকলেও, জাতীয় দলের জার্সিতে সবসময়ই তিনি অনন্য। মাঝমাঠে টাইলার অ্যাডামস এবং ওয়েস্টন ম্যাককেনি দলের মূল চালিকাশক্তি। এছাড়া বায়ার লেভারকুসেনের মালিক টিলম্যান এবং লিডসের ব্রেন্ডেন অ্যারনসনের ফর্ম পচেত্তিনোকে স্বস্তি দিচ্ছে। ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস ইনজুরি কাটিয়ে ফেরায় রক্ষণ ভাগও বেশ নিরেট।
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত প্যারাগুয়ে
অন্যদিকে, বিশ্ব র্যাংকিংয়ের ৪১ নম্বরে থাকা প্যারাগুয়ে কাগজে-কলমে কিছুটা পিছিয়ে থাকলেও তাদের অবহেলা করার সুযোগ নেই। দলের সবচেয়ে বড় তারকা ৩২ বছর বয়সী উইঙ্গার মিগুয়েল আলমিরন, যিনি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ বা এমএলএস এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কারণে আমেরিকান ডিফেন্ডারদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। ডিফেন্সে সান্ডারল্যান্ডের ওমর আলদেরেতে দলের বড় ভরসা।
গত নভেম্বর মাসে এই দুই দলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ শেষ মুহূর্তে রণক্ষেত্রে রূপ নিয়েছিল এবং খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। সেই তিক্ততা ভুলে আজ বিশ্বকাপের বড় মঞ্চে প্যারাগুয়ে চাইবে আমেরিকাকে তাদের ঘরের মাঠেই স্তব্ধ করে দিতে।
বিশ্বখ্যাত বেটিং সাইট FanDuel-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। ফুটবল বিশেষজ্ঞ ব্র্যাড থমাসের মতে, বাজির দরে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। আমেরিকান স্ট্রাইকার ফোলারিন বালোগানের গতি ও ফর্ম প্যারাগুয়ের রক্ষণ ভাগের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে।
আরেক বিখ্যাত বিশ্লেষক জন এইমারের মতে, আমেরিকার আক্রমণভাগ শক্তিশালী হলেও ডিফেন্সে কিছুটা সমন্বয়হীনতা রয়েছে, যার সুযোগ নিতে পারে প্যারাগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ডরা।
কাগজে-কলমে এবং হোম গ্রাউন্ডের দর্শক সমর্থনের দিক থেকে মরিসিও পচেত্তিনোর দলই সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে প্যারাগুয়ের কাউন্টার-অ্যাটাকিং ফুটবল যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে একটি রোমাঞ্চকর এবং আক্রমণাত্মক ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














