বিশ্বকাপে ব্যর্থতায় বাবর-সালমানদের জরিমানা । এবারের বিশ্বকাপের আগে দারুণ ফর্মে ছিল পাকিস্তান ক্রিকেট দল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল যে প্রস্তুতি নিয়েছিল, তার ধারেকাছেও সম্ভবত কেউ ছিল না। কিন্তু মাঠে করল কী! কেবল হতাশাই উপহার দিয়ে গেছে।
আসরে গ্রুপে সহজ প্রতিপক্ষদের বিপক্ষে সাফল্য এসেছে। কিন্তু বড় দলগুলোর বিপক্ষে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সে পরাজিত হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি পাকিস্তানের।
নিউজিল্যান্ডের সাথে রান রেটে পিছিয়ে থেকে সেমিফাইনাল না খেলে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যারপরনাই হতাশ। কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে।
এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে-বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে।
ফলে এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা। পাকিস্তান এই বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল-মে মাসে ছয় সপ্তাহের পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু।
বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল তারা। অসাধারণ পারফরম্যান্স করে এর মধ্যে ২৪টি জিতেছে। দুটি ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা এবং পাঁচ দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে।
এর আগে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তান ফাইনালে পৌঁছেছিল। কিন্তু তবুও শেষ করল যাচ্ছেতাইভাবে। সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদ এ বিষয়ে বলেছেন,
তোমাদের দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ছাপ রাখার জন্য তোমরা দুই বছরে একবার সুযোগ পাও এবং তোমরা আবারও ব্যর্থ হলে। এই সবকিছু দেখা অত্যন্ত হতাশাজনক।
পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত হতে কিছু খেলোয়াড়কে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং তারা বড় ইভেন্টে ব্যর্থ। তার কথা, ‘এখন এগিয়ে যাওয়ার সময় এবং ভুলগুলো থেকে শিখতে হবে।’
সাবেক অধিনায়ক বাবর আজম, সালমান ও শাদাব খান, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের মতো সিনিয়র খেলোয়াড়রা তীব্র সমালোচনার মধ্যে আছেন। দেশে ফিরে সালমান নেতৃত্ব থেকে বহিষ্কার হতে পারেন বলে শোনা যাচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















