আসন্ন ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সামনে রেখে আজ (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী জাতীয় হ্যান্ডবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নারী হ্যান্ডবলের সক্ষমতা ও সামর্থ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এই ক্যাম্পের আয়োজন করেছে।
ক্যাম্পে অংশ নিতে ফেডারেশনের সিলেকশন কমিটির নির্বাচিত ২৪ জন খেলোয়াড় আজ রিপোর্ট করবেন। রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ ক্যাম্প চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এরপর ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
এবারের প্রতিযোগিতায় এশিয়ার ১১টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ইরান, চীন ও হংকং (চায়না)। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জোন-১বি-এর চ্যাম্পিয়ন দল এবং স্বাগতিক কাজাখস্তান।
বাংলাদেশ দলের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস (FERNANDO MIGUEL DE OLIVEIRA NUNES)। আগামী ৮ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর তত্ত্বাবধানে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, শারীরিক সক্ষমতা, কৌশলগত দক্ষতা এবং দলীয় সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আসন্ন চ্যাম্পিয়নশিপে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই নিবিড় ও সুশৃঙ্খল প্রশিক্ষণের মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতাসক্ষম দল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
আন্তর্জাতিক এই আসরে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আশাবাদী বাংলাদেশ নারী জাতীয় হ্যান্ডবল দল।




