নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আবার জয়ের ধারায় বাংলাদেশ। শুক্রবার সাউদাম্পটনে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে।
তিন ম্যাচে বাংলাদেশের এটা দ্বিতীয় জয়। অন্যদিকে টানা তিন হার। ফলে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ ওয়ানে তৃতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইটা জমজমাট হয়ে উঠেছে।
৩৫ রানে পাকিস্তানের ৮ উইকেটের পতন
সাউদাম্পটনের এ ম্যাচে নিশ্চিত জয়ের পথে ছিল পাকিস্তান। ১২৪ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ২ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে ৭০ রান জমা করেছিল। কিন্তু সানজিদা আক্তার মেঘলার চমৎকার বোলিং পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। সে সঙ্গে নাহিদা আক্তারের চমৎকার বোলিং বাংলাদেশকে জয় এনে দেয়। সানজিদা ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। নাহিদা আক্তারের শিকার সংখ্যাও তিন। তবে রান খরচে কিছুটা কৃপণতা করেন তিনি। ১৮ রান খরচ তার। পাকিস্তান এক পর্যায়ে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৪৯ রান জমা করেছিল। কিন্তু পরবর্তী ১০ ওভারে ৩৫ রানে হারায় ৮ উইকেট।

শুরুটা ভালো ছিল না বাংলাদেশের
বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। ব্যাট হাতে নেমে একের পর ব্যাটার আউট। ১৩ রানে তিন ব্যাটারের বিদায়। এমন সময় নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি দায়িত্বের সঙ্গে ব্যাটিং করেন। তারা দলকে ধীরে ধীরে এগিয়ে নেন। তবে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজিটা এনে দেন স্বর্ণা আক্তার। বিধ্বংসী ব্যাটিং করে রানের চাকাকে টর্নেডোর গতিতে ঘোরাতে থাকেন। মাত্র ২২ বলে নিজের নামের পাশে লিখিয়ে নেন ৩৯ রান। পাঁচটি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। ম্যাচ সেরার পুরস্কারও তিনি পেয়েছেন।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৫ জুন। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১২৩/৬ (স্বর্না আক্তার ৩৯*, নিগার সুলতানা ৩৬, সোবহানা মোস্তারি ২২; ফাতিমা সানা ২/১৮)।
পাকিস্তান: ১০০/৮ (২০ ওভার)। (মুনিবা আলী ২৫, গুল ফিরোজা ২৩, ফাতিমা সানা ১০; সানজিদা আক্তার মেঘলা ৩/২১, নাহিদা আক্তার ৩/১৮)।
ফল: বাংলাদেশ ২৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্বর্না আক্তার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











