ইরাকের সুলায়মানিয়ায় চলমান এশিয়া কাপ আরচ্যারিতে দুটি ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ দলগত ও নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে অংশ নিচ্ছে ছয়টি দেশ। বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে উজবেকিস্তানকে কোনো সেট না হারিয়ে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা। অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালে ওঠে কাজাখস্তান।
পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাফি আব্দুল্লাহ। আগামী ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে নামবে দলটি।
অন্যদিকে, নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে অংশ নিয়েছে চারটি দেশ। এই ইভেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরো ম্যাচেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের আর্চাররা। চার সেট মিলিয়ে ২৩৩-২১৯ পয়েন্টে জয় তুলে নিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেন তাঁরা।
এই ইভেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হয় কাজাখস্তান ও স্বাগতিক ইরাক। চার সেটের লড়াইয়ে দুই দলের স্কোর সমান ২১৭ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ২৯ পয়েন্ট করে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান, যেখানে ইরাকের সংগ্রহ ছিল ২৭ পয়েন্ট।
নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বন্যা আক্তার, শ্রীপন্যা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। এই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে লড়বে বাংলাদেশ ও কাজাখস্তান।


