এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক ! জিন্নাত আক্তারকে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশন। জাপানের কাছে হেরে কাবাডি দলের পদক যখন অনিশ্চিত, তখনই উশু থেকে এল বাংলাদেশের জন্য সুখবর। নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। আর তাতেই এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক নিশ্চিত হয়েছে।

উশুর নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা প্রতিযোগীরা অন্তত ব্রোঞ্জ পদক পান। বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দলের কোচ দিলদার হাসান দিলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক জিন্নাতের

জিন্নাতের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ফ্লোরেন্তিনা অযোগ্য (ডিসকোয়ালিফাইড) হয়েছেন। ফলে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে গেছেন বাংলাদেশের জিন্নাত। নারী ৫২ কেজি বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। নকআউট পদ্ধতিতে প্রি-কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হওয়া এই ইভেন্টে জিন্নাত সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠেন। সেখানে তাঁর প্রতিপক্ষ হন ফ্লোরেন্তিনা, যিনি প্রি-কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনের কিলাপোকে হারিয়েছিলেন।

দিলদার হাসান দিলু বলেন,

কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার প্রতিযোগী ফ্লোরেন্তিনা থারিসা ওভারওয়েট ছিলেন। এজন্য তিনি ডিসকোয়ালিফাইড হওয়ায় আমাদের জিন্নাত সেমিফাইনালে উঠেছে। পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত হয়েছে।

এর আগে ২০২৫ সালের ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে বাংলাদেশের পদক পাওয়ার খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, প্রতিযোগীর সংখ্যা কম থাকায় সেখানে ব্রোঞ্জ পদকের জন্য আলাদা ম্যাচ হওয়ার নিয়ম ছিল। এবার অবশ্য সেই সংশয় নেই বলে জানিয়েছেন দিলু।

তিনি বলেন, ছয়জনের কম হলে ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ হয়। এই ইভেন্টে ১৫ জন প্রতিযোগী। তাই সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়রাও ব্রোঞ্জ পাবে। এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদও জিন্নাতের পদক নিশ্চিত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন,

উশুর সাধারণ সম্পাদক পদকের বিষয়টি আমাদের রিকনফার্ম করেছেন। এশিয়ান গেমসে সেমিফাইনালিস্ট পদক পায়। জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে, সেই হিসেবে পদকও নিশ্চিত বলা যায়।

বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ পদক। এরপর কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ পদক পেলেও সেগুলো ছিল দলীয় ইভেন্টে। ৪০ বছর পর এবার আবারও ব্যক্তিগত ইভেন্টে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। তবে জিন্নাতকে কোনো ম্যাচে লড়াই করেই পদকটি নিশ্চিত করতে হয়নি।

spot_imgspot_img
spot_img

Related Articles