কাবাডিতেও বাংলাদেশের পদক অনিশ্চিত

এশিয়ান গেমসে কাবাডিতে জাপানকে হারিয়ে আজই পদক নিশ্চিত করার প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু ম্যাচের চিত্রটা হলো পুরো উল্টো। দুর্দান্ত রেইড ও ট্যাকেলে বাংলাদেশকে চাপে রেখে ৪০-৩৬ পয়েন্টে জয় পেয়েছে স্বাগতিক জাপান। এই হারে বাংলাদেশের পদকও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

গ্রুপ পর্বে চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে জাপানের কাছে হেরে যাওয়ায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। জাপান বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ায় গ্রুপে অন্য দলগুলোরও বাংলাদেশের সমান জয় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সে ক্ষেত্রে রানার্সআপ নির্ধারণ হবে পয়েন্ট ও অন্যান্য হিসাব-নিকাশে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জাপান। ২-৩ পয়েন্টের লিড নিয়ে ধীরে ধীরে ব্যবধান বাড়াতে থাকে তারা। পদক প্রায় নিশ্চিত-এমন প্রত্যাশা থেকে বাংলাদেশ শুরুতে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। বিপরীতে জাপান ছিল আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক। একপর্যায়ে বাংলাদেশকে অলআউট করে গুরুত্বপূর্ণ লোনা আদায় করে নেয় স্বাগতিক দল।

প্রথমার্ধ শেষে ২২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল জাপান। বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান, যিনি দলের অন্যতম সেরা রেইডার, আজ বেশ কয়েকবার রেইডে গিয়ে প্রতিপক্ষের ট্যাকেলে ধরা পড়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে আবারও অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় লোনা পাওয়ার পর জাপান ১১ পয়েন্টের লিড নেয়।

কাবাডিতে তুলনামূলক নতুন জাপানও আজ পরিকল্পিত ও নিয়ন্ত্রিত খেলা উপহার দিয়েছে। বড় ব্যবধানের লিড পাওয়ার পর তারা সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে। বিপরীতে বাংলাদেশের রেইড ও ডিফেন্সে বেশ কিছু ভুল দেখা যায়।

তবে ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে জাপানকে অলআউট করে বাংলাদেশ। তিন পয়েন্টের লোনা পাওয়ায় ব্যবধান কমে আসে ৩৪-২৮-এ। এরপর আরও চাপ তৈরি করে বাংলাদেশ। মাত্র তিন মিনিটের ব্যবধানে ৩৫-৩৪ পয়েন্টে চলে আসে ম্যাচ।

এই পর্যায়ে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু এক রেইডে বাংলাদেশের খেলোয়াড় কোর্টের বাইরে চলে গেলে জাপান দারুণ ট্যাকেলে দুই পয়েন্ট আদায় করে নেয়। আবারও চার পয়েন্টের ব্যবধান তৈরি হয়। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগেই দুই দলের রিভিউ শেষ হয়ে যায়। শেষ দুই মিনিটে জাপান বেশ সতর্কতার সঙ্গে খেলেছে। বাংলাদেশের শেষদিকের রেইড থেকেও প্রয়োজনীয় পয়েন্ট আসেনি।

শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন জাপানি সমর্থকেরা। খেলোয়াড়েরাও কোর্টে উদ্‌যাপন করেন জয়। বিপরীত দৃশ্য বাংলাদেশের শিবিরে। জাপানের কাছে হারের পর হতাশ হয়ে কোর্টে বসে পড়েন বাংলাদেশের খেলোয়াড়েরা।

পদক নিশ্চিত করে যেখানে আজ উদ্‌যাপনের কথা ছিল, সেখানে জাপানের কাছে হেরে এখন শেষ ম্যাচের ফল ও গ্রুপের হিসাব-নিকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

spot_imgspot_img
spot_img

Related Articles