জাপানে চলমান এশিয়ান গেমসে ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছেন থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড শনাক্ত হয়েছে। এ ঘটনায় তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা পিচামনকে থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন তারকা হিসেবে বিবেচনা করা হয়। আজ মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে তাঁর খেলার কথা ছিল। তবে সাময়িক নিষেধাজ্ঞার কারণে এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং কিংবা কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
আইটিএ এক বিবৃতিতে জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিচামনের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ আবেদন করার অধিকার রয়েছে। পাশাপাশি তিনি চাইলে তাঁর ‘বি’ নমুনা পরীক্ষা করার অনুরোধও জানাতে পারবেন।
গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার অংশ হিসেবে পিচামনের নমুনা সংগ্রহ করেছিল আইটিএ।
ফুরোসেমাইড একটি মূত্রবর্ধক ওষুধ। দ্রুত ওজন কমানোর উদ্দেশ্যে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে কেউ কেউ এটি ব্যবহার করতে পারেন। খেলাধুলায় এ ধরনের পদার্থের ব্যবহার নিষিদ্ধ।


