সেল্টাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লা লিগা

পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল

লা লিগায় বার্সেলোনার আর ছয়টি ম্যাচ বাকি। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেলেই এবারের লা লিগা শিরোপা তাদের হাতে শোভা পাবে। বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে জয় তাদের সামনের পথটা মসৃণ করে দিয়েছে। নিজেদের মাঠের খেলায় ১-০ গোলের জয় শিরোপার সঙ্গে তাদের দূরত্ব কমিয়ে এনেছে।

৯ পয়েন্টে এগিয়ে

স্পোটিফাই ক্যাম্প নু্যতে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টিতে গোলটি করেন তিনি। তার এই গোলে বার্সেলোনার ভান্ডারে পুরো তিন পয়েন্ট জমার জন্য যথেষ্ঠ ছিল। ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার এখন পয়েন্ট ৮২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। ছয় ম্যাচ বাকি থাকতে দুই দলের পার্থক্য দাঁড়িয়েছে ৯ পয়েন্টে।

চ্যাম্পিয়ন্স লিগে থেকে ছিটকে যাওয়ায় বার্সেলোনা সামনে এখন লা লিগা জয়ের হাতছানি। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে তারা। ফলে লা লিগা জয়ে অনেক বেশি মনোযোগী তারা। তবে সেল্টা ভিগো তাদের জন্য ম্যাচটা বেশ কঠিন করে তুলেছিল। ম্যাচে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটি।

ম্যাচ শেষে সমর্থকদের বিদায় জানিয়ে মাঠ ছাড়ছে বার্সেলোনার খেলোয়াড়রা

টানা অষ্টম জয়

লা লিগায় দারুণ সময় পার করছে বার্সেলোনা। একের পর এক জয় ঘরে তুলছে দলটি। টানা অষ্টম জয় এটি তাদের। বাকি ছয় ম্যাচের তিনটিতেই জয় পেলেই শিরোপা উৎসব করতে পারবে বার্সেলোনা। আগামী ২৫ এপ্রিল গেতাফের বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। ২ মে অ্যাওয়েতে ওসাসুনার বিপক্ষে খেলবে তারা। আর ১০ মে নিজেদের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ হয়ে আসবে রিয়াল মাদ্রিদ। আগের দুই ম্যাচসহ এদিন জয় পেলেই বার্সেলোনা শিরোপা উৎসবে মেতে উঠেবে।

লামিনে ইয়ামালের গোলে পর বার্সেলোনা আরও একবার প্রতিপক্ষে জালে বল ফেলেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেরান টরেস ছিলেন সেই গোলদাতা। কিন্তু ভিএআর দেখে রেফারি গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন।

একাধিক সুযোগ নষ্ট

প্রথমার্ধের ৩০ মিনিটে গোলের দারুণ এক সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। টরেসের তৈরি করা সুযোগটি ইয়ামাল বাইরে মেরে নষ্ট করেন। তার আগে সুযোগ নষ্টের তালিকায় নাম লেখান দানি ওলমো। তিনিও বাইরে মারেন। শেষ পর্যন্ত ৪০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। নিজেদের বিপদ সীমানার মধ্যে ইয়ামালকে অবৈধভাবে আটকাতে যান সেল্টার ডিফেন্ডার ইয়োয়েল লাগো। পেনাল্টি থেকে গোল করে ইয়ামাল বার্সেলোনার সঙ্গে শিরোপার ব্যবধানটা আরও কমিয়ে আনেন।

Exit mobile version