দেব মন্ডলের পায়ের জাদুতে ফাইনালে বরিশাল

দেব মন্ডলের পায়ের জাদুতে ফাইনালে বরিশাল

দেব মন্ডলের পায়ের জাদুতে ফাইনালে বরিশাল । বরিশালের ফুটবলে নতুন আশার নাম হয়ে উঠেছেন উজিরপুরের নবম শ্রেণির ছাত্র দেব মন্ডল। অভাবের সংসার, পেশাদার একাডেমির সুযোগ নেই, নেই নিয়মিত কোচিংয়ের সুবিধাও। তবু সহজাত প্রতিভা আর কঠোর পরিশ্রমে তিনি এখন আলোচনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ।

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থী শুরু থেকেই নজর কাড়েন উপজেলা পর্যায়ে। সেখানকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তিনি জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে।

জেলা দলে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের আরও বড় পরিচয় দেন দেব। আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী ম্যাচে পিরোজপুর জেলা দলের বিপক্ষে হ্যাটট্রিক করে ৩-১ গোলের জয়ে বড় অবদান রাখেন তিনি। তার এই নৈপুণ্যে সেমিফাইনালে উঠে বরিশাল।

সেখানেও থামেননি দেব। প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের বিপক্ষে বরিশাল ৩-১ গোলে জিতলে দলের হয়ে আরেকটি চমৎকার গোল করেন এই তরুণ স্ট্রাইকার। সেই জয়ে বরিশাল পৌঁছে যায় ফাইনালে।

দেবের এই উত্থানের গল্পটা সহজ নয়। মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান তিনি। কোনো একাডেমিক প্রশিক্ষণ নয়, উজিরপুরের পরিচিত মাঠেই অনুশীলন করে গড়ে উঠেছেন এই প্রতিভাবান ফুটবলার। দেশের ফুটবলে তার অনুপ্রেরণা মোহাম্মদ রাকিব হোসেন, আর বিশ্বফুটবলে মুগ্ধতা লিওনেল মেসিকে ঘিরে।

দেবের লক্ষ্য এখন একটাই, একদিন লাল-সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা। নতুন কুঁড়ি স্পোর্টসের মঞ্চে তার পারফরম্যান্স যদি এভাবেই চলতে থাকে, তবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য একজন মানসম্পন্ন স্ট্রাইকার পাওয়ার আশা করাই যায়।

Exit mobile version