হালান্ডদের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেলো ব্রাজিল । বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে আর্লিং হালান্ডদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঝমাঠে নতুন সমীকরণ সাজাতে হবে কোচ কার্লো আনচেলত্তিকে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র জানিয়েছে, পাকেতা এখনও পুরোপুরি সুস্থ হননি। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে নরওয়ের বিপক্ষে মাঠের বাইরে রাখা হচ্ছে। এমনকি ব্রাজিল যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে চলতি বিশ্বকাপে তার আর খেলার সম্ভাবনাও নেই।
রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে ম্যাচ চলাকালেই হ্যামস্ট্রিংয়ে চোট পান পাকেতা। এরপর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের জন্য আরও বড় উদ্বেগ হয়ে উঠেছে, কারণ আরেক অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকেও নিয়ে রয়েছে অনিশ্চয়তা। জাপানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ের বিপক্ষে তার খেলা নির্ভর করবে শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার ওপর।
পাকেতার জায়গায় দানিলো সান্তোসকে একাদশে দেখা যেতে পারে। আবার আক্রমণভাগ আরও শক্তিশালী করতে আনচেলত্তি এনদ্রিক অথবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে রাখার কথাও ভাবছেন। সেক্ষেত্রে ব্রাজিলের কৌশল ও ফরমেশনেও পরিবর্তন আসতে পারে।
তবে সব খবরই যে হতাশার, তা নয়। ঊরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন উইঙ্গার রাফিনিয়া। প্রয়োজন হলে তাকে বদলি হিসেবে ব্যবহার করা হতে পারে। এছাড়া নেইমার জুনিয়রও শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতিহাস অবশ্য সেলেসাওদের পক্ষে কথা বলছে না। চারবারের মুখোমুখি লড়াইয়ে নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচে হেরেছে, বাকি দুটি ড্র হয়েছে। সেই হতাশার পরিসংখ্যান ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই এখন আনচেলত্তির দলের সবচেয়ে বড় লক্ষ্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















