শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জস বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। চোটের কারণে রোববারের ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে জর্ডান কক্সকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া ড্যান লরেন্সকে রাখা হয়েছে বিকল্প হিসেবে।
বৃহস্পতিবার হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে রান নিতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিংয়ে ফিরলেও মাত্র দুই বল খেলতে পেরেছেন তিনি। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
চোট পাওয়ার আগে অবশ্য ব্যাট হাতে ভালোই খেলছিলেন বাটলার। ৬৯ রানের ইনিংসটি ছিল তিন বছরের মধ্যে তাঁর সর্বোচ্চ ওয়ানডে স্কোর। তবে সাম্প্রতিক সময়ে বারবার সফট-টিস্যুর চোটে ভুগছেন ৩৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। ২০২৪ সালের আইপিএলেও বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি।
বাটলারকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। এমআরআই স্ক্যানের পর আগামী সপ্তাহে তাঁর চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ইংল্যান্ড।
বাটলারের অনুপস্থিতিতে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নিজের চতুর্থ ওয়ানডে খেলতে পারেন কক্স। টম ব্যান্টনের আগে তাঁকেই উইকেটের পেছনে দেখা যেতে পারে।
এদিকে ইংল্যান্ডের নতুন সাদা বলের মেন্টর কেভিন পিটারসেন বলেছেন, চোটের কারণে অন্যদের সুযোগ পাওয়াটা দলের জন্য ইতিবাচক হতে পারে। তাঁর মতে, এভাবে সুযোগ পাওয়া ক্রিকেটাররা আগামী বছরের বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বেঞ্চের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।




